Friday 27 November, 2026

এক বছরে ঋণ বেড়েছে ৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:00, 26 November 2026

এক বছরে ঋণ বেড়েছে ৩ হাজার কোটি টাকা

এক বছরে ঋণ বেড়েছে ৩ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে এক বছরে আমানত বেড়েছে ৫১ হাজার ৭০০ কোটি টাকা। অথচ একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে মাত্র তিন হাজার কোটি টাকা। ফলে ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অর্থ জমা থাকলেও তা বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিনিয়োগে কাজে আসছে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ঋণ-আমানত অনুপাতের (এডিআর) তুলনায় অনেক কম ঋণ বিতরণ করায় ব্যাংকগুলোর অব্যবহৃত ঋণ দেওয়ার সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৪৫ হাজার কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের আমানত আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বাড়লেও ঋণ বেড়েছে ১ শতাংশেরও কম।

ব্যাংক ছয়টি হলো—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল তিন লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে তা কমে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায়। অর্থাৎ বছরের প্রথম ছয় মাসে ঋণের স্থিতি কমেছে প্রায় ১ দশমিক ৮৫ শতাংশ।

ঋণের সঙ্গে যুক্ত সুদের অর্থ বাদ দিলে প্রকৃত ঋণ প্রবৃদ্ধির চিত্র আরো দুর্বল হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলো সর্বোচ্চ ৮৫ শতাংশ এডিআর রাখতে পারে। অর্থাৎ প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৫ টাকা ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত এডিআর প্রায় ৬০ শতাংশ। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রতিটি ব্যাংকের এডিআর কমেছে।

এর মধ্যে সোনালী ব্যাংকের এডিআর সবচেয়ে কম ৪৮ শতাংশ। অন্যদিকে জনতা ব্যাংকের সর্বোচ্চ ৮১ শতাংশ।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, ‘আমরা এখন বড় ঋণের চেয়ে ছোট, কৃষি, নতুন ও নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। এ ছাড়া প্রচুর ঋণ অবলোপন হচ্ছে। বিনিয়োগ মন্দা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ সুদহারের কারণে ঋণ বিতরণ বাড়ছে না।’

তিনি আরো বলেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে জবাবদিহির আশঙ্কা কাজ করছে। গ্যাস-বিদ্যুতের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তা এবং যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়ায় উদ্যোক্তারাও নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিস্তৃত শাখা নেটওয়ার্ক ও মানুষের আস্থার কারণে এসব ব্যাংকে আমানত বেশি আসে। তবে দ্রুত সেবা ও নমনীয়তার কারণে বড় ব্যবসায়ীরা বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দক্ষতা বাড়ানো, ঋণসেবার পরিধি বিস্তৃত করা এবং ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনা প্রয়োজন।

এদিকে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সম্প্রতি এক বৈঠকে সচিব নাজমা মোবারেক সিএমএসএমই, কৃষক, নারী ও নতুন উদ্যোক্তাদের ঋণ বাড়ানোর নির্দেশ দেন। তবে ঋণের মানদণ্ড শিথিল না করে ভালো ও আয় সৃষ্টিকারী খাতে অর্থায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ছয় ব্যাংকের সিএমএসএমই ঋণ গত ডিসেম্বরের তুলনায় ২ শতাংশ কমে প্রায় ৫৬ হাজার কোটি টাকায় নেমেছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকগুলো সম্মিলিতভাবে প্রায় চার হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে, যা জাতীয় লক্ষ্যমাত্রার প্রায় ১০ শতাংশ।

 

Dr. Abul Hasnat Milton