Wednesday 11 November, 2026

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 02:02, 10 November 2026

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭%

সদ্য বিদায়ী অক্টোবর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.২৭ শতাংশে নেমে এসেছে, যা আগের মাস সেপ্টেম্বরে ছিল ৮.৩৪ শতাংশ। এ সময় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে ৬.৪০ শতাংশে দাঁড়ালেও (সেপ্টেম্বরে যা ছিল ৭.২২ শতাংশ) খাদ্যবহির্ভূত খাতে উল্টো ঊর্ধ্বগতি দেখা গেছে। অখাদ্য পণ্যের মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৯.৩০ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৯.৮৯ শতাংশে পৌঁছেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে, যা সোমবার (৯ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উল্লেখ্য, পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি বলতে আগের বছরের একই মাসের তুলনায় জিনিসপত্রের দাম বা সূচক বৃদ্ধির হারকে বোঝায়।

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গ্রাম ও শহর উভয় অঞ্চলেই খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতে বেড়েছে। গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৯ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২১ শতাংশে। শহরাঞ্চলেও সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৫ শতাংশ হলেও খাদ্যবর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৪৮ শতাংশে ঠেকেছে। 

এদিকে ১২ মাসের গড় মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। গত বছরের নভেম্বর মাস থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত এক বছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত এক বছরের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ। 

এদিকে সাধারণ মানুষের মজুরি বাড়ার গতি আরও কিছুটা কমেছে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। বিবিএসের প্রতিবেদনে দেখা যায়, গত মাসে কৃষিতে মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। শিল্পখাতে  ছিল ৭ দশমিক ৬২ শতাংশ। সেবা খাতে  ৭ দশমিক ৯৬ শতাংশ। তিন খাতেই মজুরি বাড়ার হার আগের মাসের তুলনায় কমেছে। 

অক্টোবর মাসে মজুরি বাড়ার হার মূল্যস্ফীতির চেয়ে শূন্য দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। বিশ্লেষকদের মতে, পণ্য ও সেবার দাম যে হারে বাড়ছে, সাধারণ মানুষের প্রকৃত আয় সেই অনুপাতে বাড়ছে না। আয়ের এই ঘাটতির কারণে সংসারের বাড়তি খরচ সামলাতে সাধারণ ও নিম্ন আয়ের অনেক মানুষকে অর্থনৈতিক চাপের মধ্যে দিন কাটাতে হচ্ছে। 

 

News Editor :  Abul Hasnat Milton