চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোলে বিক্ষোভ
রাষ্ট্রদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। ওপারের এই কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশে ভারতের কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতাও অংশ নেন। ভারতীয় সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ বেশ কয়েকজন রাজনীতিক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সমালোচনা করেন।
তার মতে, বাংলাদেশের জনগণকে রক্ষা ও দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।
এদিকে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় সূত্র। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম। সেখানে তিন থেকে চার দিন অবস্থানের পর তাদের আগরতলায় যাওয়ার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে এ সফরের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রোববার দুপুরে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ শেষ হয়। এরপর সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্তে টহল ও নজরদারি বাড়ায় বিজিবি। বেনাপোল চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।
News Editor : Fokhrul Islam








