Monday 23 November, 2026

কারাগারে বন্দির সংখ্যায় ইতিহাসের রেকর্ড, প্রতিদিন বাড়ছে ৩০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 12:24, 22 November 2026

কারাগারে বন্দির সংখ্যায় ইতিহাসের রেকর্ড, প্রতিদিন বাড়ছে ৩০০

কারাগারে বন্দির সংখ্যায় ইতিহাসের রেকর্ড, প্রতিদিন বাড়ছে ৩০০

ধারণক্ষমতার সব সীমানা অতিক্রম করেছে দেশের কারাগারগুলো; ইতিহাসে প্রথমবারের মতো দেশের ৭৫টি কারাগারে বন্দির সংখ্যা এক লাখের মাইলফলক ছাড়িয়েছে। বর্তমানে প্রতি ১০০ জনের ধারণক্ষমতার বিপরীতে বসবাস করছেন ২৪৫ জন বন্দি, অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ৬৫ হাজার ৩৪৬ জন বন্দির চাপে কারাগারগুলোর ভেতরের পরিবেশ চরম অসহনীয় হয়ে উঠেছে।

বিপুল এই বন্দির জন্য নেই স্বাভাবিকভাবে শোয়া, ঘুমানো কিংবা একটু স্বস্তিতে নিশ্বাস নেওয়ার মতো ন্যূনতম জায়গা। কোথাও মেঝেতে, আবার কোথাও তীব্র গাদাগাদি করে রাত কাটাতে হচ্ছে তাদের। অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর এই পরিবেশের কারণে কারাগারে সংক্রামক রোগের ঝুঁকি ও স্বাস্থ্যসংকট আশঙ্কাজনক হারে বাড়ছে।

কারা অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, প্রতিদিন গড়ে ২ হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করলেও জামিনে মুক্ত হওয়ার হার তুলনামূলক অনেক কম, ফলে প্রতিদিনই বন্দির সংখ্যা গড়ে ৩০০ করে বাড়ছে।

এই বিপুলসংখ্যক বন্দির চিকিৎসাসেবার চিত্র আরও উদ্বেগজনক। দেশের ৭৫টি কারাগারে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক মাত্র দুজন। অর্থাৎ, কারাগারের ভেতরে অসুস্থ হলে চিকিৎসা পাওয়াটাও অনেক বন্দির জন্য বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে যুক্ত হয়েছে জরুরি রোগী পরিবহনের সংকট, দেশের ৫৩টি কারাগারে নেই কোনো অ্যাম্বুলেন্স।

কারা অধিদপ্তরের তথ্য, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও মানবাধিকারকর্মীদের সঙ্গে কথা বলে দেশের কারাগারগুলোর এমন উদ্বেগজনক চিত্র পাওয়া যায়।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১৫টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। সব মিলিয়ে ৭৫টি কারাগারের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। অথচ এসব কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬ হাজার ৫২৭ এবং নারী ৪ হাজার ৫ জন। হিসাব অনুযায়ী, কারাগারগুলোর ধারণক্ষমতার তুলনায় বন্দি বেশি ৬৫ হাজার ৩৪৬ জন।

কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য ন্যূনতম ছয় ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের জায়গা থাকার কথা। কিন্তু অতিরিক্ত বন্দির কারণে অনেক কারাগারে সেই নিয়ম মানা অসম্ভব হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কারাগারের কারারক্ষী জাগো নিউজকে বলেন, বিধি অনুযায়ী যত সংখ্যক বন্দি থাকার কথা, বাস্তবে তার কয়েকগুণ বেশি বন্দি রাখতে হচ্ছে। একজন বন্দির জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। কিন্তু কারারক্ষীর সংখ্যাও কম। ফলে বন্দি ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হয় আমাদের। অনেক সময় বন্দিরা মারামারি কিংবা ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করলে কারারক্ষীদের বেগ পেতে হয়।

কারাগারের ওপর চাপ কমার পরিবর্তে প্রতিদিনই বাড়ছে বন্দির সংখ্যা। কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে ২ হাজার ১০০ জনের বেশি নতুন বন্দি কারাগারে প্রবেশ করছেন। একই সময়ে জামিনে মুক্তি পাচ্ছেন প্রায় ১ হাজার ৮০০ জন। ফলে প্রতিদিন গড়ে ৩০০ জন করে বন্দি বাড়ছে। এভাবে বন্দির সংখ্যা বাড়তে থাকলে বিদ্যমান অবকাঠামো দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কারা কর্মকর্তারা বলছেন, বিশেষ আইন প্রয়োগকারী অভিযান, গ্রেফতার বৃদ্ধি ও বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে বন্দির সংখ্যা বাড়ে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গণঅভ্যুত্থান দমনকালে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতেও গ্রেফতার বেড়েছে।

কারাগারের সবচেয়ে উদ্বেগজনক সংকটগুলোর একটি চিকিৎসাসেবা। ৭৫টি কারাগারে চিকিৎসকের অনুমোদিত পদ ১৬২টি। অথচ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেষণে কর্মরত চিকিৎসক মাত্র দুজন। এর বাইরে ৯৭ জন চিকিৎসক বিভিন্ন কারাগারে সাময়িকভাবে সংযুক্ত। তারা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে এসে প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বহির্বিভাগে চিকিৎসা দিয়ে চলে যান। বিগত সব সরকারের আমলেই এ চিত্র প্রায় একই রকম ছিল।

কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। কারণ দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়। অথচ ওই সময়ে কারাগারগুলোতে চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।-কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান

এ বিষয়ে কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান বলেন, ‘কারাগারে চিকিৎসকের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত। কারণ দিনের বেলায় বন্দিরা কারাগারের ভেতরে চলাফেরা করতে পারেন। কিন্তু সন্ধ্যার পর লকআপে যাওয়ার পর কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসকের প্রয়োজন হয়। অথচ ওই সময়ে কারাগারগুলোতে চিকিৎসক থাকেন না। ফলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।’

চিকিৎসক সংকট সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কারা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের কারাগারগুলোতে মোট ১ হাজার ৪১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০০ জন কারাগারের বাইরে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

কারা উপমহাপরিদর্শক (স্বাস্থ্য) লে. কর্নেল মোহাম্মদ আখতার হাসিব বলেন, ‘অনেক ক্ষেত্রে দীর্ঘ দূরত্ব ও যানজটের কারণে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয় না।’

উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় ৪৮ কিলোমিটার। বুড়িগঙ্গা সেতু ও হানিফ ফ্লাইওভার হয়ে যানজটপূর্ণ এই পথ পাড়ি দিতে ব্যস্ত সময়ে দুই থেকে আড়াই ঘণ্টা লেগে যায়। জরুরি অবস্থায় এই দীর্ঘ সময় রোগীর জীবনকে সংকটাপন্ন করে তুলতে পারে।

আরও উদ্বেগের বিষয়, দেশের ৭৫টি কারাগারের মধ্যে ৫৩টিতে কোনো অ্যাম্বুলেন্স নেই। বন্দিদের হাসপাতালে নেওয়ার জন্য ডাবল পিকআপ ভ্যান, ভ্যান, রিকশা কিংবা সিএনজি ব্যবহার করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয়ভাবে অটোরিকশা ভাড়া করে জরুরি রোগীদের হাসপাতালে পাঠানো হয়।

 

News Editor : Sheikh Daiyan