মালিকপক্ষের প্রস্তাবে ক্ষুব্ধ শ্রমিকেরা: রণক্ষেত্র সাভার-আশুলিয়া
মালিকপক্ষের ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাবের পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চরমে পৌঁছেছে। এর মধ্যে গাজীপুরের কোনাবাড়ীতে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে এদিন গাজীপুরে ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার 'ইসলাম গার্মেন্টসে' এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ তাঁদের সরানোর চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সকাল পৌনে ১০টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
একই সময়ে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ৯টার দিকে মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুরের নাওজোর ও কালিয়াকৈরের মৌচাক এলাকাতেও শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা দেখা দেয়। নাওজোরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মৌচাক এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রীপুর, কোনাবাড়ী ও জরুন এলাকায় সকাল থেকে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। গাজীপুরে ২৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৩২টি কারখানা। গাজীপুরের পাশাপাশি সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে ১০টির বেশি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম ও এনভয় গ্রুপসহ ২০টি কারখানা বন্ধ রয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিরাপত্তায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। পুলিশের জলকামান ও সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।
এর আগের দিন সোমবার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ছিল ২২টি কারখানা। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভের সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হন।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গত সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় শ্রমিক ও মালিকপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার প্রস্তাব কমিয়ে ২২ হাজার টাকা করে। অন্যদিকে মালিকপক্ষ ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করে। দুই পক্ষের মধ্যে ৬ হাজার ২০০ টাকার ব্যবধান থাকায় কোনো সমঝোতা হয়নি।
News Editor : Shahrina Sharmin








