Thursday 26 November, 2026

বন্ধ থাকবে আদানির একটি ইউনিট, বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়বে কি?

প্রকাশিত: 00:51, 26 November 2026

বন্ধ থাকবে আদানির একটি ইউনিট, বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়বে কি?

বন্ধ থাকবে আদানির একটি ইউনিট, বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়বে কি?

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট টানা ২৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে শুরু হয়ে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এই ইউনিটটির উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের ঘাটতি বা সংকট তৈরি হবে কি না, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করে জানিয়েছেন, দেশে শীত মৌসুম শুরু হওয়ায় বিদ্যুতের চাহিদা এখন তুলনামূলক কম, তাই সামগ্রিক সরবরাহ ব্যবস্থায় বড় কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, ইউনিটটি বন্ধ হওয়ার আগে বুধবার (২৫ নভেম্বর) দিনের বেলাতেও আদানি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ৮৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর আগের দিন মঙ্গলবার এই কেন্দ্র থেকে ৯০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল।

ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য বলছে, তাপমাত্রা কমে যাওয়ায় দেশে এখন দিন-রাত দুই সময়েই বিদ্যুতের চাহিদা কম রয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার দিনের বেলায় বিদ্যুতের চাহিদা ছিল ১১ হাজার ৩৭৮ মেগাওয়াট এবং রাতে ছিল ১২ হাজার ৭২৬ মেগাওয়াট। এনএলডিসির তথ্য অনুযায়ী, দেশের কোথাও লোডশেডিং করা হয়নি। তবে কারিগরি ত্রুটির কারণে কোনও কোনও জায়গায় বিদ্যুৎ না থাকলেও তা লোডশেডিং নয় বলে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুতের চাহিদা কম থাকায় আদানির একটি ইউনিট বন্ধ হলেও সরবরাহে কোনও প্রভাব পড়ার কথা নয়, বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি জানান, চাহিদা কম থাকায় বিদ্যুৎ সরবরাহে কোনও সংকট হবে না।

এদিকে পিজিসিবি লোডশেডিং নেই বলে দাবি করলেও রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই বিদ্যুৎ না থাকার অভিযোগও রয়েছে। ফলে আগামী ২৫ দিন কী হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে বাড্ডা, মানিকনগর, রায়েরবাজার, মোহাম্মদপুর, গোড়ান ও দক্ষিণ বনশ্রীর বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছেন। এসব এলাকার বাসিন্দারা জানান, কোথাও সকালে ঘণ্টাখানেক বিদ্যুৎ ছিল না। আবার মধ্যরাতেও বিদ্যুৎ যাবার অভিযোগও আছে। অনেকে আবার সকালে ঘুম থেকে উঠে বিদ্যুৎ পাননি। দিনে একবার করে বিদ্যুৎ না থাকার অভিযোগও করেছেন কেউ কেই। দক্ষিণ বনশ্রী ও গোড়ানের বাসিন্দারাও প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ করেন।

বুধবার (২৫ নভেম্বর) আদানি পাওয়ারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটের বার্ষিক রক্ষণাবেক্ষণ ২৫ নভেম্বর দিবাগত রাত থেকে শুরু হবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। আগাম পরিকল্পনা অনুযায়ী নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ইউনিটটি বন্ধ রাখা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রাংশের সেবা ও ত্রুটি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

 

News Editor : Fokhrul Islam