বরিশাল বিশ্ববিদ্যালয়: মব আতঙ্কে শিক্ষক-কর্মকর্তা
আওয়ামী লীগের তৎপরতা ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে পুলিশে সোপর্দ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ায় শিক্ষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মবের ভয়ে বেশ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গা ঢাকা দিয়েছেন। অনেকেই ছুটি নিয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকে মোবাইল ফোনে হুমকি দেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজমাইন সাকিব। এর কিছুক্ষণ পর ববি শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল নেতা-কর্মী প্রকৌশলী মুর্শিদ আবেদিনের কার্যালয়ে প্রবেশ করে তাকে হেনস্তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. ইমরান তাকে চেয়ার থেকে টেনে সরিয়ে নিচ্ছেন।
ঘটনার বিষয়ে উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিন করেন, আমার সম্মানহানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। অথচ আমি নিজেও একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তিনি জানান, ক্যাম্পাসে এখনো আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে প্রক্টর মেহেদী হাসান সোহাগ দাবি করেন, উপপ্রধান প্রকৌশলীকে হেনস্তার বিষয়ে কোনো অভিযোগ পাননি।
একই দিন আওয়ামী লীগের সমর্থক দাবি করে চারজনকে দিনভর হেনস্তা শেষে পুলিশে ধরিয়ে দেয় ছাত্রদল। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।
পরদিন ১৯ নভেম্বর ববির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হুমায়ুন কবিরকে নিয়ে সংঘাতে জড়ায় ছাত্রদলের দুই পক্ষ। ওই কর্মকর্তাকে দপ্তর থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে বাধা দেয় ববি ছাত্রদলের অপর পক্ষ। এরপর থেকে ক্যাম্পাসে যান না হুমায়ুন কবির।
এদিকে হুমায়ুন কবিরকে রক্ষার অভিযোগে শনিবার যুগ্ম সম্পাদক আজমাইন সাকিবকে বহিষ্কার করেছে ছাত্রদল। এ বিষয়ে সাকিব বলেন, আমরা নাকি টাকা নিয়ে সবাইকে ছেড়ে দিয়েছি—এমন অভিযোগ নিয়ে কথা-কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি হয়েছে। অথচ আমরা হুমায়ুন কবিরের দপ্তরে তখন যাইনি।
ছাত্রদলের সভাপতি মোশাররফ বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট কর্মকর্তা হুমায়ুন কবিরকে রক্ষা করা জঘন্য অপরাধ। হুমায়ুনকে রক্ষা করতে গিয়ে ফেঁসে গেছে সাকিব। তিনি বলেন, আওয়ামী নৈরাজ্য প্রতিহত করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে ববির তৃতীয় শ্রেণির এক কর্মচারী জানান, তার চেয়ার এবং শীতের কাপড় ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। তিনিসহ অনেক সহকর্মী চিন্তিত, আবার কী না কী হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে ফোনে পাওয়া যায়নি। তবে প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষক-কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতেও প্রশাসন সচেষ্ট রয়েছে। তবে কেউ ব্যক্তিগতভাবে নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে জড়ালে এর দায়ভার ববি প্রশাসন নেবে না।
News Editor : Khandaker Enamul Haque







