টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ছয় নেতা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তাঁরা এ ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ-পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শুধু দলীয় পদ ছাড়াই নয়, ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকবেন না বলে জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
News Editor : Fokhrul Islam
News Editor : Mehedi Shaheen








