যেসব এলাকায় বিদ্যুৎ যেত না, সেখানেও লোডশেডিং
রাজধানীর বেইলি রোডে ৯ বছর ধরে বসবাস করছেন ইকরামুল কবির। এবারের মতো লোডশেডিং তিনি এই এলাকায় আগে কখনও দেখেননি। তাঁর মতে, আগের বছরগুলোতে মাঝে মাঝে লোডশেডিং হতো। পাশে মিন্টো রোডে মন্ত্রী-সচিবদের মতো দেশের প্রভাবশালী ব্যক্তিদের বসবাস থাকায় দেশের অন্য এলাকা বা ঢাকার অন্যান্য অংশের মতো বিদ্যুতের বড় সংকট ছিল না। হয়তো প্রচণ্ড গরম পড়লে কয়েক দিন পর দু-একবার বিদ্যুৎ যেত। কিন্তু এবার চিত্র পুরো ভিন্ন। তিন-চার দিন ধরে নিয়মিত লোডশেডিং হচ্ছে। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারবার বিদ্যুৎ গেছে। এর মধ্যে ৫-১০ মিনিট করে দুবার বিদ্যুৎ চলে যায়, আর দুবার এক ঘণ্টার কমবেশি লোডশেডিং হয়। রাতেও একাধিকবার বিদ্যুৎ যাওয়ার কথা জানান তিনি। রোববার ঢাকার পাঁচটি অঞ্চল, যেগুলোকে সাধারণত অভিজাত এলাকা বলা হয়– এমন এলাকার সাতজন বাসিন্দার সঙ্গে কথা বলে ইকরামুল কবিরের অভিজ্ঞতার মতোই তথ্য পাওয়া গেছে। তাদের মতে, এবারের বিদ্যুৎ পরিস্থিতি কতটা ভয়াবহ, তা লোডশেডিংয়ের চিত্র থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে।
Monday, 31 August 2026, 13:11