১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার কথা আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।
এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। এ পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য শেখ হাসিনার আবেদন করার পর থেকে দেশে সহিংসতা বেড়েছে। বাতিল হয়ে যাওয়া এসব নথি ফিরে পাওয়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এখন সরকারের প্রতি তার আহ্বান, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য যেন বিমানের ব্যবস্থা করা হয়।
তিনি আরও বলেন, সংবিধানের পরিপন্থি উপায়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।
News Editor : Mehedi Shaheen








