Thursday 26 November, 2026

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 00:47, 26 November 2026

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল।

তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেল পাঁচ-ছয় দিন ধরে তিনি অসুস্থ। এরপর তাকে  নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ সন্ধ্যায় চিকিৎসারা তার স্বাস্থের বিষয়ে বিস্তারিত জানাবেন।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল তাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সেই পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই গুণী শিল্পী। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।

 

News Editor : Sheikh Daiyan