Tuesday 17 November, 2026

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 01:48, 17 November 2026

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত

পারমাণবিক স্থাপনা নিয়ে ইরানের বড় সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ কথা জানিয়েছেন। রোববার রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে গরিবাবাদি বলেন, ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত এসব স্থাপনায় আইএইএর পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

এর আগে গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় পরিদর্শন কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছিল আইএইএ। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই সময়ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়।

আইএইএর পরিদর্শকেরা গত সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছিলেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ হামলায় ক্ষতিগ্রস্ত অন্যান্য স্থাপনায় প্রবেশের অনুমতি পাননি তাঁরা।

গরিবাবাদি দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে আইএইএর অনুরোধের পেছনে সম্ভবত মার্কিন অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের উদ্দেশ্য রয়েছে।

এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ থাকায় দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক নজরদারি আরও জটিল হয়ে উঠতে পারে। 

 

News Editor : Sheikh Daiyan