বেলুচিস্তানে ৮ দিনে ২৬ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএর
পাকিস্তানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অশান্ত বেলুচিস্তান প্রদেশজুড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)-র একের পর এক ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৬ জন পাকিস্তানি সামরিক ও সরকার সমর্থিত বাহিনীর সদস্য নিহত হয়েছে। গত ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত মাত্র আট দিনের ব্যবধানে প্রদেশজুড়ে পরিচালিত অন্তত ২২টি পৃথক হামলায় এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে বলে দাবি করেছে সংগঠনটি।
সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্টের (টিবিপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিএলএ’র মুখপাত্র জীয়ান্দ বেলুচের দেওয়া এক বিবৃতির সূত্রে প্রকাশিত প্রতিবেদনে এসব প্রাণঘাতী হামলার বিস্তারিত তুলে ধরা হয়। তবে ঘটনার পর এই পুরো বিষয়ে পাকিস্তানের সেনা বা সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক পূর্ণাঙ্গ কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
টিবিপির প্রতিবেদন অনুযায়ী, গত ৯ আগস্ট চাগাইয়ের কোয়েটা-তাফতান বাণিজ্য সড়কে তিনটি বাণিজ্যিক গাড়ি জব্দের মাধ্যমে এই সিরিজ অভিযান শুরু করে বিএলএ’র যোদ্ধারা।
একই দিনে কোয়েটার কামব্রানি রোডে বিশেষ পুলিশ ইউনিট ‘ইগল স্কোয়াড’-এর সদস্যদের বন্দি করে তাদের সমস্ত অস্ত্র ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়।
বিএলএ’র হামলায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর সেনাবহরগুলো।
উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে বেলুচিস্তান জুড়ে এই রক্তক্ষয়ী সংঘাত চলছে। ওয়াশিংটন ২০২৫ সালে বিএলএ-কে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে।
পাকিস্তানি গবেষণা সংস্থা ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’-এর তথ্য অনুযায়ী, কেবল ২০২৫ সালেই বেলুচিস্তানে সহিংস ঘটনায় অন্তত ৯৫৬ জনের প্রাণহানি ঘটেছে।








