৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় আগুন
দেশের ৪০টি জেলায় ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের গতকাল বৃহস্পতিবারের এক নোটে এসব তথ্য উঠে আসে।
গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল সকালে গ্রামীণ ব্যাংকের তিনটি শাখায় ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে মুকসুদপুর সদর, বাটিকামারী ও বনগ্রাম শাখা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক কবির ঘটনার সত্যতা নিশ্চত করেন।
নেত্রকোনা সদরে গতকাল ভোরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুন লেগে যায়। উপজেলার ঠাকুরাকোনা ও পূর্বধলার খলিশাউড় শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
বুধবার গভীর রাতে ফেনীর ফুলগাজীতে নতুন মুন্সীরহাট গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের নোটে বলা হয়, ১০ নভেম্বর থেকে গত বুধবার পর্যন্ত ৭২টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি। সবচেয়ে বেশি আটটি হামলার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি গাজীপুরে।
এতে বলা হয়, গত মঙ্গলবার ও বুধবার ঘটেছে ৪৯টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা। এর মধ্যে গত বুধবার রাতে ৩০টি এবং মঙ্গলবার ১৯টি ঘটনা ঘটে। এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি ঘটনা ঘটে। হামলার ঘটনার দিনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ছিল। ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের পর আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। গতকাল বৃহস্পতিবার দলটির সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি ছিল।
শাখা কার্যালয়ের পাশাপাশি সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়েও হামলা হয়েছে। নিরীক্ষা ও পরিপালন বিভাগের তথ্যে বলা হয়, সাতটি ঘটনায় থানায় জিডি এবং একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। এর মধ্যে ১২টির জিডি প্রক্রিয়াধীন।
এদিকে ধারাবাহিক হামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, এসব হামলায় শুধু ব্যাংকের সম্পদ নয়, দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা ও জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে তারা।
News Editor : Shahrina Sharmin








