এআই যত স্মার্ট হচ্ছে, মানুষ ততটাই বোকা হচ্ছে!
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে মানুষের অনেক কাজ এখন আগের চেয়ে সহজ ও দ্রুত হচ্ছে। তথ্য খোঁজা, লেখা, বিশ্লেষণ কিংবা জটিল সমস্যার সমাধান—সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের ব্যবহার।
তবে প্রযুক্তির এই অগ্রগতির আড়ালে নতুন একটি প্রশ্ন সামনে আসছে, এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা কি মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও দক্ষতা কমিয়ে দিচ্ছে? বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে মানুষের নিজস্ব বিশ্লেষণ, সিদ্ধান্ত নেওয়া ও নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা দুর্বল হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত এক নিবন্ধে এ বিষয়ে আলোচনা করেছেন গবেষক গ্যারি ক্লেইন।
প্রকাশিত ‘হাউ ডাজ এআই মেক আস স্টুপিড?’ শীর্ষক নিবন্ধে তিনি ২০০৩ সালে প্রকাশিত নিজের বই ‘দ্য পাওয়ার অব ইনটিউশন’-এর একটি অধ্যায়ের প্রসঙ্গ তুলে ধরেছেন। তখনকার তথ্যপ্রযুক্তি নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, প্রযুক্তির ওপর নির্ভরতা মানুষের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
তাঁর মতে, সেই আশঙ্কার অনেক কিছুই বর্তমানের জেনারেটিভ এআইয়ের ক্ষেত্রেও প্রাসঙ্গিক।
যেভাবে দুর্বল হতে পারে মানুষের ছয়টি দক্ষতা
১. ধরন ও প্রবণতা শনাক্ত করার ক্ষমতা
তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন ধরন, প্রবণতা কিংবা অস্বাভাবিক পরিস্থিতি শনাক্ত করা মানুষের গুরুত্বপূর্ণ দক্ষতা। কিন্তু এআই যখন নিজেই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে ফলাফল সামনে তুলে ধরে, তখন মানুষ সরাসরি তথ্য পর্যবেক্ষণের সুযোগ কম পেতে পারে। এতে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তথ্যের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সংকেত শনাক্ত করার ক্ষমতা চর্চার সুযোগ কমে যেতে পারে।
নিবন্ধে আবহাওয়ার পূর্বাভাসের একটি উদাহরণ তুলে ধরেছেন লেখক। একটি প্রযুক্তি ব্যবস্থা তথ্যের অপ্রয়োজনীয় ওঠানামা বাদ দিয়ে প্রবণতা স্পষ্ট করত। বিষয়টি অনেকের কাছে সহায়ক মনে হলেও অভিজ্ঞ আবহাওয়াবিদেরা এতে উদ্বিগ্ন হয়েছিলেন। কারণ, তথ্যের এই ওঠানামার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন বা ঝড়ের গুরুত্বপূর্ণ ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে।
২. প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার দক্ষতা
বিপুল তথ্যের মধ্য থেকে কোনটি গুরুত্বপূর্ণ, তা খুঁজে বের করা একটি বিশেষ দক্ষতা।
এআই সহজেই তথ্য সাজিয়ে ও সংক্ষেপ করে দিতে পারে। কিন্তু এতে মানুষ নিজে অনুসন্ধান করার পরিবর্তে প্রস্তুত উত্তর গ্রহণে অভ্যস্ত হয়ে উঠতে পারে। অথচ কোনো পরিস্থিতিতে কোন তথ্য প্রয়োজন, তা বুঝতে অনুসন্ধানকারীর নিজের বিচারবুদ্ধিও গুরুত্বপূর্ণ।
৩. নিজস্ব মানসিক মডেল তৈরির ক্ষমতা
কোনো বিষয়ে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ সেই বিষয় সম্পর্কে আরও গভীর ধারণা তৈরি করে। একে মানসিক মডেল বলা হয়। এর মাধ্যমে নতুন পরিস্থিতি বুঝতে এবং আগের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
কিন্তু প্রযুক্তির নির্ধারিত বিভাগ ও তথ্যের কাঠামোর ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষের চিন্তাকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে দিতে পারে। ফলে নতুন অভিজ্ঞতা থেকে পুরোনো ধারণা পরিবর্তন বা নতুনভাবে পরিস্থিতি বোঝার প্রবণতা কমে যেতে পারে।
৪. তথ্যের পেছনের প্রেক্ষাপট বোঝা
কোনো তথ্য কোথা থেকে এসেছে, কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং এর সীমাবদ্ধতা কোথায়—এসব জানা জরুরি। কারণ, একই তথ্য ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ বহন করতে পারে।
এআইয়ের দেওয়া উত্তর বা বিশ্লেষণ গ্রহণ করার সময় অনেকেই তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করেন না। এতে তথ্যের পেছনের বাস্তবতা এবং সম্ভাব্য ভুল বোঝার সুযোগ কমে যায়। বিশেষজ্ঞদের মতে, কোনো তথ্য ব্যবহারের আগে তার উৎস ও প্রেক্ষাপট বোঝা গুরুত্বপূর্ণ।
৫. নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা
অভিজ্ঞতার অন্যতম বৈশিষ্ট্য হলো পরিস্থিতি বদলে গেলে নিজের সিদ্ধান্ত ও কাজের ধরনও পরিবর্তন করতে পারা। কিন্তু প্রযুক্তির নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়ার ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষকে নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত করে তুলতে পারে।
ফলে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে নিজে থেকে বিকল্প পথ খুঁজে নেওয়া বা নতুনভাবে চিন্তা করার সক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে।
৬. নিজে উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নেওয়া
দক্ষ মানুষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিজে পরিস্থিতি বিশ্লেষণ করে উদ্যোগ নেওয়া। কিন্তু এআইয়ের তৈরি উত্তর, পরামর্শ কিংবা সুপারিশ বিনা যাচাইয়ে গ্রহণ করলে মানুষ ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রযুক্তির ওপর ছেড়ে দিতে পারে।
বিশেষ করে চ্যাটজিপিটির মতো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম ব্যবহার করার ক্ষেত্রে এই ঝুঁকি রয়েছে। এআইয়ের দেওয়া তথ্য যাচাই না করে গ্রহণ করলে ভুল তথ্যের ওপর ভিত্তি করেও সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
এআইয়ের ব্যবহার বন্ধ নয়, প্রয়োজন সচেতনতা
লেখকের মতে, ২০০৩ সালে তথ্যপ্রযুক্তি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, বর্তমান জেনারেটিভ এআইয়ের বিস্তারের ক্ষেত্রেও তার অনেকগুলো প্রাসঙ্গিক। তবে এআই মানুষের দক্ষতা কমিয়েই দেবে, এমন কোনো নিশ্চিত সিদ্ধান্ত তিনি দেননি। বরং প্রযুক্তির ওপর নির্ভরতার ফলে মানুষের কোন কোন দক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা বোঝার ওপর গুরুত্ব দিয়েছেন।
এআইকে সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করার পাশাপাশি নিজের চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার চর্চা ধরে রাখাও জরুরি। কারণ, প্রযুক্তি যত উন্নতই হোক, সেটি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষের নিজস্ব বিচারবুদ্ধি ও অভিজ্ঞতার প্রয়োজন থেকেই যায়।
News Editor : Fokhrul Islam





