ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে দুর্নীতির মামলায় অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর এবার ওই মামলাকে ‘ম্যালিশাস প্রসিকিউশন’ বা বিদ্বেষপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত বিচারিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন তিনি। এ ঘটনায় ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি রয়েছে বলে একজন অভিজ্ঞ আইনজীবী তাঁকে জানিয়েছেন বলেও দাবি করেছেন টিউলিপ।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘Politics Unleashed’ নামের একটি নতুন পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ বলেন, তাঁর বিরুদ্ধে পরিচালিত বিচারপ্রক্রিয়া মূলত বিদ্বেষপ্রসূত ছিল। তিনি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন।
টিউলিপ বলেন, ‘এটি মূলত একটি বিদ্বেষপ্রসূত মামলা ছিল।’ আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলেও জানান।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে তাঁর প্রভাব ব্যবহার করে পরিবারের জন্য ঢাকার উপকণ্ঠে একটি আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে প্রভাব বিস্তারের অভিযোগে টিউলিপের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। গত বছরের ডিসেম্বর মাসে ঢাকার একটি আদালত অনুপস্থিতিতে বিচার শেষে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনের বিচার করা হয়।
তবে লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। বাংলাদেশের আদালতের রায়কে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং তাঁর দাবি, মামলার অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে বারবার চেষ্টা করেও তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি।
টিউলিপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে তিনি একাধিকবার চেষ্টা করেছেন। তাঁর আইনজীবীরাও এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। কিন্তু সেসব চিঠির কোনো জবাব দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এমনকি লন্ডনে ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠিও পাঠিয়েছিলেন টিউলিপ। তাঁর সঙ্গে সরাসরি দেখা করে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বারবার চেষ্টা করলেও ইউনূস সাক্ষাৎ করতে রাজি হননি বলে জানান তিনি।
টিউলিপ বলেন, অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি আতঙ্কিত হওয়ার চেয়ে বেশি বিস্মিত ছিলেন। কারণ, তিনি নিজেকে নির্দোষ বলে মনে করেন।
বাংলাদেশে অনুপস্থিতিতে বিচার ও দণ্ডিত হওয়ার অভিজ্ঞতাকে টিউলিপ একটি ‘Kafkaesque nightmare’ বা কাফকাস্ক দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন।
তিনি বলেন, তাঁকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়েই তাঁর স্পষ্ট ধারণা ছিল না। এমনকি আদালতের রায়ে দণ্ডিত হওয়ার খবরও তিনি প্রথম জানতে পারেন সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি সংবাদ সতর্কবার্তা দেখে।
টিউলিপের ভাষায়, ‘আমি জানতামই না, ঠিক কী অপরাধে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। দণ্ডিত হওয়ার বিষয়টি প্রথম জানতে পারি সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি অ্যালার্ট দেখে। সাক্ষাৎকারে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে পাওয়া সমর্থনের কথাও প্রকাশ করেছেন টিউলিপ।
তিনি জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ ও রাজনৈতিক বিতর্ক চলাকালে একটি নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার তাঁকে বার্তা পাঠিয়েছিলেন। সে সময় স্টারমার যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সফরে ছিলেন।
News Editor : Mehedi Shaheen








