আশুলিয়ায় শ্রমিদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেট নিক্ষেপে ছত্রভঙ্গ
সাভারের আশুলিয়ায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
শিল্প পুলিশ জানায়, সকালে কাঠগড়া এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে শ্রমিক বিক্ষোভের প্রভাবে আশুলিয়ার শিল্পাঞ্চলে ৫০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এসব কারখানার শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মিছিল ও বিক্ষোভ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। ছুটির আওতায় রয়েছে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপের কারখানাও।
এ ছাড়া আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ১১টি তৈরি পোশাক কারখানা। অন্যদিকে সাভার থানা এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের পরিস্থিতি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া স্বাভাবিক রয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
News Editor : Abul Hasnat Milton








