Tuesday 20 October, 2026

৪৭-১৩ গোলে হারিয়ে বাংলাদেশকে পার্থক্যটা বুঝাল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 01:02, 20 October 2026

৪৭-১৩ গোলে হারিয়ে বাংলাদেশকে পার্থক্যটা বুঝাল ভারত

৪৭-১৩ গোলে হারিয়ে বাংলাদেশকে পার্থক্যটা বুঝাল ভারত

একটি বারের জন্যও ভারতের সঙ্গে লড়াই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের পুরোটা সময়ই ছিল ভারতের মেয়েদের আধিপত্য। তাতে হ্যান্ডবলে নিজেদের আসল অবস্থানটা বুঝেছে বাংলাদেশের মেয়েরা। আইএইচএফ নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল সোমবার শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলে উড়ে গেছে বাংলাদেশ নারী দল।

হ্যান্ডবলে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা ফুটে উঠেছে। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ আনা আলানসো ফ্রাগুয়াও সেই বিষয়গুলো তুলে ধরেছেন, ‘আজকের (সোমবার) ম্যাচটি দুটি দেশের মধ্যে, যার একটি গত কয়েক বছর ধরে সত্যিই খুব পরিশ্রম করছে, সেটি হলো ভারত। আর অন্য দেশটিও কঠোর পরিশ্রম করছে তবে ভিন্ন মাত্রায়, সেটি হল বাংলাদেশ। সুতরাং অবশ্যই আমাদের শারীরিক অবস্থা ভিন্ন, হ্যান্ডবলের স্তর ভিন্ন, এবং আমরা তা মাঠে দেখতেই পাচ্ছি।’ দলের শারীরিক সক্ষমতা ও প্রস্তুতির ঘাটতি নিয়ে তিনি পরিষ্কারভাবেই বলেন, ‘অবশ্যই, তারা সারা বছর অনুশীলন করছে। বাংলাদেশে আমরা সারা বছর অনুশীলন করছি না, বছরে মাত্র তিন মাসের মতো। আপনি এই মেয়েদের দেখতে পারেন, তারা শক্তিশালী, তারা প্রচুর শারীরিক ক্রিয়াকলাপ করেছে, এবং আমি মনে করি এটাই আমাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য।’

মাঠের খেলায় এর প্রভাব নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আক্রমণে, তাদের এক একা পরাস্ত করতে আমাদের অনেক সমস্যা হয়েছে কারণ তারা শক্তিশালী ছিল, এবং রক্ষণে তাদের থামাতে আমাদের অনেক সমস্যা হয়েছিল কারণ তারা দ্রুতগামী এবং শক্তিশালী। সুতরাং অবশ্যই এখানে শারীরিক সক্ষমতার অনেক প্রভাব রয়েছে।’ 

আজ নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে। মালদ্বীপ ম্যাচ নিয়ে সতর্ক কোচ, ‘আমি মনে করি মালদ্বীপ একটি ভালো দল যারা আমাদের বিপক্ষে ভালো খেলতে পারে এবং আমরা যদি ফাইনালে পৌঁছাতে চাই তবে আমাদের মনোযোগী হতে হবে এবং সেরাটা দিতে হবে।’ 

ফাইনালে উঠলে আবারও শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তববাদী কোচ বলেন, ‘আজকে আমরা যা দেখলাম তারপর টুর্নামেন্ট জেতা অবশ্যই কঠিন। আমার মনে হয় ভারত আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে, তবে আমরা যদি ফাইনালে যাই এবং ভারতের বিপক্ষে খেলি, তাহলে আমরা আবার আমাদের সেরা চেষ্টা করব যাতে আমরা জিততে পারি... আমরা জেতার চেষ্টা করব, কিন্তু অবশ্যই এটা বেশ কঠিন।’