Wednesday 07 October, 2026

জাতীয় দলে ২০ বছর, এমন লজ্জা আর কখনো পাইনি: লুকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 07:57, 6 October 2026

জাতীয় দলে ২০ বছর, এমন লজ্জা আর কখনো পাইনি: লুকা

জাতীয় দলে ২০ বছর, এমন লজ্জা আর কখনো পাইনি: লুকা

ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে হেরে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের রেকর্ড গড়েছে ক্রোয়েশিয়া। ঘরের মাঠে এমন হারের পর হতাশা লুকাতে পারেননি দলটির কিংবদন্তি ফুটবলার লুকা মডরিচ। জাতীয় দলের হয়ে দুই দশকের ক্যারিয়ারে এমন লজ্জার অনুভূতি এবারই প্রথম হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রিজেকায় উয়েফা নেশন্স লিগের ম্যাচে শুরু থেকেই ক্রোয়েশিয়ার ওপর আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। অষ্টম মিনিটে হ্যারি কেইন, ২১ মিনিটে জুড বেলিংহাম ও ৩৯ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কেইন। ৬৮ মিনিটে আরেকটি গোল করে জোড়া পূর্ণ করেন সাকা। ম্যাচের শেষ দিকে মরগান রজার্সের গোলে ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এই হার ক্রোয়েশিয়ার স্বাধীনতার পর সবচেয়ে বড় পরাজয়। ম্যাচ শেষে মডরিচ বলেন, ‘জাতীয় দলের হয়ে ২০ বছর ধরে খেলছি। কিন্তু ম্যাচের পর এই প্রথমবার নিজেকে লজ্জিত মনে হলো।’

ইংল্যান্ডের বর্তমান দলকে নিজেদের চেয়ে ভালো বলেও মেনে নিয়েছেন ৪১ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে এমন হারের কোনো অজুহাত দিতে চাননি তিনি। মডরিচ বলেন, ‘আপনি হারতে পারেন। আপনার চেয়ে ভালো দলের বিপক্ষে হারতেই পারেন। এই মুহূর্তে তারা আমাদের চেয়ে ভালো। কিন্তু যেভাবেই হোক, এভাবে হারা এবং বছরের পর বছর ধরে তৈরি করা সুনাম নষ্ট করা মেনে নেওয়া যায় না। আমি লজ্জিত।’

ইংল্যান্ডের বিপক্ষে এই হার ক্রোয়েশিয়ার জন্য আরও বেদনাদায়ক। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠেছিল তারা। সেই টুর্নামেন্টে মডরিচের নেতৃত্বে রানার্সআপ হয়েছিল ক্রোয়েশিয়া। চার বছর পর কাতার বিশ্বকাপেও তৃতীয় হয় তারা।

 

News Editor : Shahrina Sharmin