Wednesday 07 October, 2026

১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামের বিপক্ষে রোমাঞ্চকর জয় ফ্রান্সের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 08:02, 6 October 2026

১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামের বিপক্ষে রোমাঞ্চকর জয় ফ্রান্সের

১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামের বিপক্ষে রোমাঞ্চকর জয় ফ্রান্সের

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সমতায় ফিরতে পারছিল না ফ্রান্স। সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল হারার শঙ্কা। এমন সময় ৭৭ মিনিটে দেজিরে দুয়ের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে ফরাসিরা।

বক্সের কাছাকাছি বল পেয়ে সামনে থাকা বেলজিয়ামের কয়েকজন ডিফেন্ডারের ফাঁক গলে বাঁ পায়ের শটে গোল করেন দুয়ে। তাঁর গোলে সমতায় ফেরার পর যেন বদলে যায় ম্যাচের চিত্র।

চার মিনিট পর, ৮১ মিনিটে বদলি হিসেবে নামা রায়ান শেরকির গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর বেলজিয়ামের রক্ষণকে আরও দুবার পরাস্ত করেন আরেক বদলি খেলোয়াড় মাইকেল ওলিসে।

টানা তিন ম্যাচে গোল পাওয়া ওলিসে গতকাল নিজের প্রথম গোল করেন ৮৮ মিনিটে।

বক্সের জটলার মধ্যে বল পেয়ে ওলিসেকে বল দেন দুয়ে। তা থেকে আলতো টোকায় বলকে জালে জড়ান ওলিসে। আর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে বেলজিয়ামের জালে শেষ পেরেক মারেন তিনি।

এবারও দুয়ে-ওলিসের দারুণ জুটি। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে সতীর্থর উদ্দেশে বক্সের বল বাড়ান দুয়ে, তা থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ওলিসে।

তাতে ৪-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।
এর আগে ঘরের মাঠ স্টেডে দে ফ্রান্সে ম্যাচের ৩৫ মিনিটে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। বেলজিয়ামের হয়ে গোলটি করেছিলেন দদি লুকেবাকিও। সেই গোল শোধ দেওয়ার অনেক সুযোগ পেয়েছিল ফ্রান্স। তবে কখনো বাইরে শট মেরে, কখনো আবার দেম্বেলে-চেরকিদের সামনে বাঁধা হয়ে দাঁড়ান বেলজিয়ামের গোলরক্ষক। 

এ জয়ে ফিফা উইন্ডোটা দারুণ কাটল ফ্রান্সের। তাতে নেশনস লিগের ‘গ্রুপ-১’ এর শীর্ষস্থানটাও মজবুত হয়েছে জিদানের দলের। ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ১০। বিপরীতে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। আর তিনে থাকা বেলজিয়ামের ৬ পয়েন্টের বিপরীতে সবার শেষে কোনো পয়েন্ট না পাওয়া তুরস্ক।

 


News Editor : Shahrina Sharmin