‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি’
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাধাগ্রস্ত করতে বিএনপি সরকার ষড়যন্ত্র ও নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভীত হয়ে বিএনপি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালী পশ্চিমা দেশে লবিস্ট নিয়োগ করে তদবির চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, ভারত যাতে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে নিরুৎসাহিত হয়, সে লক্ষ্যে নানা ধরনের কূটনৈতিক দেনদরবার ও ষড়যন্ত্র চলছে।
একটি অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সাক্ষাৎকারে ওবায়দুল কাদের অত্যন্ত দৃঢ়তার সাথে জানান, দেশের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের যে নাড়ির টান, তা কোনো দেশি বা বিদেশি ষড়যন্ত্র দিয়ে কখনো ছিন্ন করা যাবে না।
বিএনপি সরকারের লবিংয়ের অপচেষ্টা নিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার অভূতপূর্ব জনপ্রিয়তায় ও আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনের ভয়ে বিএনপি আজ দিশেহারা হয়ে পড়েছে। তারা ওয়াশিংটনসহ বিভিন্ন দেশের প্রভাবশালী মহলে গিয়ে ধর্ণা দিচ্ছে এবং লবিং করছে কীভাবে নেত্রীর প্রত্যাবর্তন ঠেকানো যায়। ভারতের ওপর নানামুখী চাপ সৃষ্টি করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে।”
তিনি বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো লবিং, কোনো ষড়যন্ত্রই জননেত্রী শেখ হাসিনাকে তাঁর নিজ দেশের মাটি থেকে দূরে রাখতে পারবে না। আগামী ডিসেম্বরেই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি বীরদর্পে বাংলাদেশে ফিরবেন।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশটাকে আজ যারা খাদের কিনারায় নিয়ে গেছে, তারা খুব ভালো করেই জানে যে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাদের পায়ের নিচের মাটি সম্পূর্ণ সরে যাবে। দেশের সাধারণ মানুষ, শ্রমিক, প্রবাসীরা আজ ঐক্যবদ্ধ হয়ে সেই দিনের অপেক্ষায় আছে, যেদিন নেত্রী আবার দেশের মাটিতে পা রাখবেন।
News Editor : Shahrina Sharmin







