Thursday 03 September, 2026

নেত্রকোনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 12:05, 2 September 2026

নেত্রকোনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় সাবেক ইউনিয়ন পরিষদ এক চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট থানার ওসি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মদন উপজেলার মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মদন ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম আকন্দ রয়েছেন। তাকে ৫ আগস্টের বিভিন্ন ঘটনাসহ আরও কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম।

কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে। ডেপুটি স্পিকার কর্তৃক রোপণ করা মেহগনি গাছের চারা উপড়ে ফেলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক নূরুল আমীনকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৫ আগস্টের পর করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। একই থানার পুলিশ জারিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন শান্তকেও গ্রেফতার করেছে।

অন্যদিকে, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবসহ শেখ সাহেদ ও ফাহিম খান নামের আরও দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

এ ছাড়া গতকাল নেত্রকোনা পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টুটনসহ ছয়জনকে গেপ্তার করেছে নেত্রকোনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা থানার ওসি আবুল খায়ের।