Monday 16 November, 2026

গোপালগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ, তালা ভেঙে অফিসে প্রবেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 18:18, 15 November 2026

গোপালগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ, তালা ভেঙে অফিসে প্রবেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের

গোপালগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ

নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে লগি-বৈঠা, লাঠি ও অন্যান্য দেশি সরঞ্জাম নিয়ে অংশ নেন অনেকে। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়।

পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করার পাশাপাশি কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙান। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে । ভেতরে প্রবেশ করেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক সরিয়ে সেখানে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ স্থাপন করেন।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠি ও অন্যান্য দেশি সরঞ্জাম দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেট ছিল। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

সকালে জেলা সদর ও আশপাশের বিভিন্ন এলাকা এবং ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। দুপুর ১২টার দিকে তাঁরা শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। সেখান থেকে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা হয়ে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন।

মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা ও অন্যান্য দেশি সরঞ্জাম ছিল। তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীকেও দেখা যায়।

শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শেখ কামাল স্টেডিয়ামের পাশে থাকা জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ শহরের বিভিন্ন জায়গায় টায়ার, বাঁশ ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন মিছিলকারীরা।

মিছিল চলার সময় লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতারা।

মিছিল নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্তম্ভ ভাঙচুর করেন। এরপর সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙা হয়। পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়।

এ সময় বিক্ষোভকারীদের পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করা হয়। এপিসির গায়েও লাল রঙ দিয়ে ‘জয় বাংলা’ লেখা হয়।

কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়।

 

News Editor :  Abul Hasnat Milton