Wednesday 18 November, 2026

অস্ট্রেলিয়া যুবলীগের সুধী সমাবেশ: শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 19:56, 17 November 2026

আপডেট: 22:51, 17 November 2026

অস্ট্রেলিয়া যুবলীগের সুধী সমাবেশ: শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

অস্ট্রেলিয়া যুবলীগের সুধী সমাবেশ: শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিকে সামনে রেখে প্রবাসে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. মো. সিরাজুল হক।

অস্ট্রেলিয়া যুবলীগের সহসভাপতি ওমর ফারুক পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উপদেষ্টা গামা আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা ড. আবুল হাসনাত মিল্টন ও অস্ট্রেলিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক গাউসুল আলম শাহাজাদা।

সমাবেশে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং শেখ ফজলুল হক মণির নেতৃত্বে যুবলীগ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এ দেশের যুবসমাজ অস্ত্র হাতে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিল; সেই চেতনা ধারণ করেই আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রবাসী বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বঙ্গবন্ধুর নির্দেশনা ও রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মণির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন, যুবসমাজকে সংগঠিত করা এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শেখ ফজলুল হক মণির অবদান বিশেষভাবে স্মরণ করেন বক্তারা।

তাঁরা বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রাষ্ট্রগঠনের প্রধান স্থপতি। অন্যদিকে শেখ ফজলুল হক মণি যুবসমাজকে একটি সুসংগঠিত রাজনৈতিক ও সামাজিক শক্তিতে পরিণত করার উদ্যোগ নিয়েছিলেন। তাঁদের রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক চিন্তার ধারাবাহিকতায় যুবলীগ দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে দেশে ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবকের সংখ্যা পাঁচ কোটিরও বেশি। এই বিশাল জনগোষ্ঠীকে সঠিকভাবে কাজে লাগানো গেলে জাতীয় উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যুবলীগের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ৫ আগস্টের পর প্রতিকূল পরিস্থিতিতে বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সংগঠনকে পুনর্গঠনের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। অতীতের রাজনৈতিক বিভাজন ও অভ্যন্তরীণ গ্রুপিং আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে তারা বলেন, ব্যক্তিগত বলয় কিংবা উপদলীয় রাজনীতি নয়, বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ থাকাই হতে হবে সংগঠনের প্রধান লক্ষ্য।

তারা অতীতের রাজনৈতিক বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ টেনে খন্দকার মোশতাকের কথা উল্লেখ করেন। বঙ্গবন্ধুকে হারানোর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংগঠনের ভেতরে কোনো ষড়যন্ত্রকারী যেন অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বক্তারা আরও বলেন, ওই সময়ের পর দেশে সংঘটিত বিভিন্ন পদক্ষেপ অবৈধ ও অসাংবিধানিক।

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় সেই সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনও গ্রহণযোগ্য হতে পারে না। আওয়ামী লীগ জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনৈতিক দল এবং দলটি অসাংবিধানিক কোনো সিদ্ধান্ত মেনে নেবে না।

উপস্থিত শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে বলেন, দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা ও অন্ধকার সময় পেরিয়ে আবারও দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে বলে তাঁরা আশাবাদী। আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব পায়। তারা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম করতে নিরাপত্তা নিশ্চিত করা, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

News Editor : Khandaker Enamul Haque