Tuesday 17 November, 2026

দরিদ্রদের জন্য সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 02:03, 17 November 2026

দরিদ্রদের জন্য সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যে

দরিদ্রদের জন্য সরকারি টয়লেট নিয়ে বিএনপি নেতাদের বাণিজ্যে

বরিশালের গৌরনদীতে অসহায় ও দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত সরকারি টুইন পিট ল্যাট্রিনের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিটি ল্যাট্রিনের জন্য সরকারিভাবে নির্ধারিত সহায়ক ফি ৫ হাজার টাকা হলেও, সুবিধাভোগীদের কাছ থেকে ৬ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

উপজেলায় গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের অধীনে মোট ৫৯৫টি টুইন পিট ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কোনো প্রকার অনুমতি বা এখতিয়ার ছাড়াই উপজেলার সাতটি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতারা এই তালিকা প্রণয়নের কাজ নিজেদের হাতে তুলে নিয়েছেন। এ প্রক্রিয়ায় দলের কয়েকজন নেতার সরাসরি সম্পৃক্ততা এবং তাঁদের মাধ্যমেই অবৈধভাবে এই অর্থ সংগ্রহের অভিযোগ পাওয়া গেছে।

অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে আসার পর গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম তার ফেসবুক অ্যাকাউন্টে সতর্কবার্তা দেন। পোস্টে তিনি জানান, নির্মাণাধীন ইম্প্রুভড ল্যাট্রিনের জন্য নির্ধারিত সহায়ক চাঁদা ৫ হাজার টাকা। তালিকা চূড়ান্ত হওয়ার পর এই অর্থ ব্যাংকে জমা দিতে হবে। এর বাইরে সরকারি কোনো খরচ নেই।

ইউএনওর পোস্টের মন্তব্যেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ এসেছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল জানান, তার কাছ থেকে ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন বিপ্লবের মন্তব্যে সরিকল ইউনিয়নে সাড়ে ৫ হাজার টাকা নেওয়ার তথ্য উঠে আসে। উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ জানান, বার্থী ইউনিয়নে প্রতিজনের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। চাঁদশী ইউনিয়নে একজনের কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগ যাচাই করতে গিয়ে খাঞ্জাপুর ইউনিয়নের প্রাথমিক তালিকায় থাকা চারজনের সঙ্গে কথা বলা হয়। তারা জানান, প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে।

হান্নান মীর নামের এক ব্যক্তি বলেন, গৌরনদী বাসস্ট্যান্ডের একটি কার্যালয়ে তার ও আরও তিনজনের ফরম এবং টাকা জমা নেওয়া হয়েছে।

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদার তাদের ফরম দিয়েছিলেন। তবে হান্নানের দাবি, ফজলুল হক নিজে টাকা নেননি।

বার্থী ইউনিয়নের তালিকায় নাম থাকা পারুল বেগম জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর মাধ্যমে তিনি ল্যাট্রিনের জন্য নাম লেখান। তার ভাষ্য, মিন্টু টাকা নেননি; গৌরনদী বাসস্ট্যান্ডে টাকা জমা দেওয়া হয়েছে। তালিকায় থাকা আরও কয়েকজনও একই ধরনের তথ্য দিয়েছেন। বাটাজোর ইউনিয়নের রেকসোনার স্বামী জানান, গৌরনদী বাসস্ট্যান্ডের আগৈলঝাড়া সড়কে বসে তার কাছ থেকে ৬ হাজার টাকা নেওয়া হয়।

সাধারণত ৭ হাজার টাকার কম নেওয়া হয় না বলে জানিয়ে তিনি বলেন, অনুরোধ করে ১ হাজার টাকা কম দিয়েছেন। একই ইউনিয়নের তালিকাভুক্ত পারভীনের কাছ থেকেও ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক সরদার বলেন, তারা ল্যাট্রিনের জন্য তালিকা জমা দিয়েছেন, কিন্তু কারও কাছ থেকে টাকা নেননি। তার অভিযোগ, জসিম শরীফ ও আকবর নামের দুজন সরকারি নির্ধারিত ৫ হাজার টাকার বদলে ৭ হাজার টাকা করে নিয়েছেন। এ বিষয়ে তিনি প্রতিবাদও করেছেন।

বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু জানান, তার কাছে ৭০ জনের নামের তালিকা চাওয়া হয়েছিল এবং তিনি তা জমা দিয়েছেন। তবে টাকা সংগ্রহ করেছেন আশোকাঠীর আকবর।
 মিন্টুর ভাষ্য, জনপ্রতি ৭ হাজার টাকা নেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বাটাজোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজাদ প্যাদা ল্যাট্রিনের তালিকা তৈরির কথা স্বীকার করেছেন। তবে অর্থ সংগ্রহের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। অভিযোগে নাম আসা জসিম শরীফ উপজেলা যুবদলের পদবিহীন নেতা এবং উপজেলা বিএনপির সদস্য সচিবের ভাতিজা। আর মিজানুর রহমান আকবর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে বক্তব্য জানতে জসিম শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি সালিশির কাজে ব্যস্ত থাকার কথা বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। আকবরও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

 

News Editor : Shahrina Sharmin