Wednesday 18 November, 2026

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙাল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 20:40, 17 November 2026

আপডেট: 20:41, 17 November 2026

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙাল ছাত্রলীগ

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙাল ছাত্রলীগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি উচ্চবিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা। এরপর বিদ্যালয়ের মাঠে কিছুক্ষণ স্লোগান দিয়ে চলে যান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ছুটিতে থাকায় তিনি বিদ্যালয়ে যেতে পারেননি। দুপুরে জানতে পারেন, ছাত্রলীগের জাকির ও রাজীবসহ ১৫ থেকে ২০ জন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন। তবে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, এ বিষয়ে বিদ্যালয় থেকে তাকে কেউ কিছু জানাননি। তাই বিস্তারিত না জেনে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজখবর নিতে হবে।

 

News Editor :  Abul Hasnat Milton