Thursday 22 October, 2026

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি চূড়ান্তের পথে: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 10:45, 21 October 2026

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি চূড়ান্তের পথে: ডোনাল্ড ট্রাম্প

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি চূড়ান্তের পথে: ডোনাল্ড ট্রাম্প

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার কাজ অনেকটাই এগিয়েছে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগের বাণিজ্য চুক্তিগুলোর তুলনায় এই চুক্তি হবে ভিন্ন ধরনের।
 
ইন্ডিয়া টুডে জানায়, মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভারত একটি চুক্তি করতে চায়। আমরাও চুক্তি করব। আমরা অনেকটাই কাছাকাছি পৌঁছেছি।
তিনি আরো বলেন, ‘আগে আমরা যেসব চুক্তি করেছি, এটি সেগুলোর চেয়ে অনেক আলাদা হবে।’ তবে চুক্তির শর্ত বা ধরন নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি নিয়ে কিছু বিষয়ে এখনো সমাধান হয়নি। এসব বিষয় নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে পরিবর্তনের কারণেও নতুন করে আলোচনা করতে হচ্ছে তাদের।
ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যেও চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বলেছেন, চুক্তি চূড়ান্ত করতে এখনো অল্প কয়েকটি বিষয়ের সমাধান বাকি রয়েছে। মঙ্গলবার প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, দুই দেশ চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে। এখন অল্প কয়েকটি বিষয়ের সমাধান বাকি।

তিনি বলেন, ‘চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার আগে যতটা কাছাকাছি পৌঁছানো সম্ভব, আমরা এখন ততটাই কাছাকাছি। চূড়ান্ত করার জন্য অল্প কয়েকটি বিষয় বাকি রয়েছে।’ বাকি বিষয়গুলোরও শিগগির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন রুবিও। এরপর দুই দেশের নেতারা চুক্তিতে সই করতে পারবেন বলেও জানান তিনি।
 
ভারত সফরে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করছেন রুবিও। এর মধ্যে রয়েছে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়।

চলতি মাসের শুরুতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। মিলওয়াকি ও ওয়াশিংটনে অনুষ্ঠিত এসব বৈঠকে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

গত ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র জানিয়েছিল, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম ধাপের কাঠামো চূড়ান্ত হয়েছে। তবে পরে যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে পরিবর্তন আসায় চুক্তি নিয়ে আবারও আলোচনা শুরু করতে হয়।

সম্প্রতি নয়াদিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বড় বিষয়গুলোর সমাধান হয়ে গেছে।’ দুই দেশ চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে বলেও জানান তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এ বিষয়ে আশাবাদী। তিনি বলেছেন, দুই দেশই চূড়ান্ত সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে।

 

News Editor : Shahrina Sharmin