Tuesday 10 November, 2026

প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবিতে অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকদের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 12:58, 9 November 2026

প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবিতে অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকদের বিবৃতি

প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির দাবিতে অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকদের বিবৃতি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন অস্ট্রেলিয়ায় অবস্থানরত ৩৫ জন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক। এক যৌথ বার্তায় প্রবীণ এই গণমাধ্যম ব্যক্তিত্বের গ্রেপ্তার ও কারাবন্দিত্বে গভীর উদ্বেগ জানিয়ে তাঁর দ্রুত মুক্তি সহ সকল আইনি ও মানবিক অধিকার নিশ্চিতের জোরালো আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাংলাদেশের সংবাদমাধ্যম অঙ্গনে ইকবাল সোবহান চৌধুরী এক পরিচিত নাম। পেশাগত মর্যাদা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় তাঁর দীর্ঘদিনের অবদান রয়েছে। কোনো ব্যক্তির রাজনৈতিক আদর্শ বা অতীত যাই হোক না কেন, তিনি যেন ন্যায়বিচার ও আইনের সুরক্ষা পান—তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির দাবিও জানান প্রবাসে কর্মরত সাংবাদিকরা।

তাঁরা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য ভিত্তি। সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও মানবিক বিবেচনা কামনা করেন। একই সঙ্গে তাঁরা তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত এবং প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদানের আহ্বান জানান।

বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন, বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বিবৃতিতে স্বাক্ষরকারী অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিক হলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের সভাপতি মো: রহমতউল্লাহ, অস্ট্রেলিয়া টাইমসের সম্পাদক আব্দুল মতিন, ঢাকা সিডনি ইনসাইডার এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. সিরাজুল হক, প্রধান সম্পাদক আজাদ কবির, কলামিস্ট ও দ্যা সোর্স নিউজ বাংলার প্রধান সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন, আল নোমান শামীম প্রকাশক সম্পাদক মুক্তমঞ্চ পত্রিকা, দৈনিক বঙ্গলোকের সম্পাদক ও বিএফইউজে এর সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, প্রবীণ ফটোসাংবাদিক এলেন খান, প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ, লেখক ড. রতন কুণ্ডু, মাল্টিমিডিয়া কন্টেন্ট উপস্থাপক  ড. মোল্লা হক, লেখক কায়সার আহমেদ, সিডনি বেংগলিজ এর সেলিমা বেগম, দিনলিপি এর এস এম দিদার হোসেন,  ফটোসাংবাদিক আকাশ দে, ফটোসাংবাদিক ফাহাদ আসমার, ফটোসাংবাদিক আবুল বাশার রিপন, প্রসাধন বিষয়ক লেখিকা মোমেনা সরকার বিউটি, লেখক জিয়াউল কবির জিহন, জন্মভূমি টিভি এর মোহাম্মদ জসিম উদ্দিন, ফটোসাংবাদিক আবু তারিক, ক্র‍্যাব এর সদস্য খলিলুর রহমান স্টালিন, সিলেট ভিউ ২৪ এর মোহাম্মদ ইদ্রিছ আলী, গবেষক কলামিস্ট পমেহেদী হাসান, লেখক আরিফুর রহমান, লেখক নাদেরা সুলতানা নদী, কবি আশরাফ কবির, দৈনিক ইনকিলাবের সাবেক সাব-এডিটর সুলতানা সুফিয়া মিতু, দৈনিক কালের সমাজের অস্ট্রেলিয়া প্রতিনিধি আসাদুল্লাহ শাকিল,   সংবাদ প্রতিদিনের হাসান এইচ তাজবির, জাগরণ বার্তার তানজি আক্তার, ফটোসাংবাদিক প্রদীপ কুমার শীল, লেখক পল সি মধু, লেখক বোরহানুল হক।