Wednesday 11 November, 2026

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 01:57, 10 November 2026

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী, প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সংগ্রামী এবং বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার কোনো জটিল রোগ ছিল না। বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।

মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

স্কুলছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে যোগ দেন। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রামে তার অবদানের কথা রাজশাহী তথা জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির বড় ছেলে শাহরিয়ার আখুঞ্জি জানান, নগরীর কুমারপাড়া এলাকায় মোশাররফ হোসেন আখুঞ্জির নিজ বাসভবনের উদ্দেশে ঢাকা থেকে তার মরদেহ ইতিমধ্যেই রাজশাহীতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

রাতের মধ্যে তার মরদেহ রাজশাহীতে এসে পৌঁছাবে। মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
মোশাররফ হোসেন আখুঞ্জি ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন। ১৬ বছর বয়সে ভাষা আন্দোলনে যোগ দেন। তিনি রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস ও পাড়া-মহল্লায় গিয়ে অন্যান্য কর্মীদের সঙ্গে মিলে ছাত্রছাত্রীদের সংগঠিত করতেন এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করতেন।

তিনি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির রাতে রাজশাহী কলেজে শহীদ মিনার নির্মাণকাজেও জড়িত ছিলেন। ওই সময় ভাষা শহীদদের সম্মান জানাতে ইট ও মাটি দিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভ পরদিন সকালে পুলিশ ও তৎকালীন শাসক দল মুসলিম লীগের সদস্যরা ভেঙে ফেলে।

পরবর্তীকালে আখুঞ্জি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছাত্র ইউনিয়ন, ন্যাপসহ বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয় নাগরিক সংগঠনগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি রাজশাহীর লোকনাথ স্কুল থেকে মাধ্যমিক স্কুল পরীক্ষা পাস করেন এবং রাজশাহী কলেজে পড়াশোনার পর নীলফামারী ডিগ্রি কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। ব্যবসায় প্রবেশের আগে তিনি কিছুকাল রাজশাহী শিক্ষা বোর্ডেও কাজ করেছিলেন।

News Editor :  Abul Hasnat Milton