Thursday 12 November, 2026

সিডনিতে দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 15:00, 11 November 2026

সিডনিতে দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপিত

সিডনিতে দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপিত

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন’-এর উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত ১৬ থেকে ১৮ অক্টোবর স্থানীয় “সেন্ট মেরি’স মেমোরিয়াল হল”-এ তিন দিনব্যাপী এই পূজা উদযাপনের আয়োজন করা হয়।

শরতের নীল আকাশ ও কাশের আবহে শুক্রবার দেবী দুর্গার অকালবোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিমার মনোরম সাজসজ্জা এবং বোধনপূজাকে কেন্দ্র করে পুরো মণ্ডপ প্রাঙ্গণ প্রবাসী বাঙালি হিন্দু সম্প্রদায়ের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।

শনিবার সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজার্চনার প্রথম পর্ব। দুপুরের পর শিশুরা মেতেছিল চিত্রাঙ্কন ও খেলাধুলার প্রতিযোগিতায়, যেখানে ছোট্টরা ঢাকের তালে নাচে আর আনন্দে মেতে ওঠে। সাংস্কৃতিক পর্বে দর্পণের নবীন সদস্যরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা করে সকলকে মুগ্ধ করে তোলে।

বৃহত্তর কমিউনিটির অংশ হিসেবে দর্পণ বিশেষ অতিথি এবং বিভিন্ন ক্ষেত্রের সম্মানিত ব্যক্তিদের আমন্ত্রণ জানায়। অনুষ্ঠানকে আরো আনন্দঘন করে তোলে পেনরিথ কাউন্সিলের ডেপুটি মেয়র Hollie McLean, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ইস্টার্ন কমান্ডের প্রতিনিধি Karen Correy এবং আরও কয়েকজন বিশিষ্ট অতিথির উপস্থিতি। এছাড়াও, স্পনসরদের সম্মাননা ও স্বীকৃতি জানাতে একটি বিশেষ ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁদের উদার সহযোগিতা ও অবদানের জন্য দর্পণ পরিবার তাঁদের আন্তরিক ধন্যবাদ জানায়।

সন্ধ্যায় আরতিতে ঢাকের গানে মুখরিত হল প্রাঙ্গণ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বড়দের অংশ, যেখানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয় মাতৃস্মরণ ও ভক্তির আবেগ।

রবিবার দশমীতে ছিল বিশেষ আয়োজন—অঞ্জলি, সিঁদুর খেলা এবং প্রবাসী বাঙালিদের মিলনমেলা। প্রতিদিনের দুপুর সন্ধ্যা আর রাতের প্রসাদ বিতরণ উৎসবকে আরও স্নিগ্ধ ও পরিপূর্ণ করে তুলেছিল।

তিন দিনের মহোৎসব শেষে এল বিদায়ের ক্ষণ। দেবীকে বিদায় জানিয়ে সবার কণ্ঠেই এক সুর—“আসছে বছর আবার হবে।”