Wednesday 11 November, 2026

গ্রাম্য গানবাজনা বন্ধের নির্দেশ বিএনপি এমপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 00:55, 11 November 2026

গ্রাম্য গানবাজনা বন্ধের নির্দেশ বিএনপি এমপির

গ্রাম্য গানবাজনা বন্ধের নির্দেশ বিএনপি এমপির

হবিগঞ্জে নিজের নির্বাচনী এলাকায় গ্রাম্য গানের আসরের অনুমোদন না দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। গত রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক।

আইনশৃঙ্খলা কমিটির সভায় গানবাজনা প্রসঙ্গে জি কে গউছ বলেন, ‘গ্রাম্য গানবাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। আমি অনুরোধ করব, পুরো জেলায় হলে ভালো; অন্তত যে এলাকার সোয়া চার লাখ ভোটার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এইখানে যেন গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা আমরা না শুনি। কোনো জায়গায় মারামারি হয়েছে, খুন-খারাবি হয়েছে এসব যেন না শুনি। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

শীত মৌসুমের ধর্মীয় আবহ তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের এলাকায় ধর্মকর্ম হয়। শীত মৌসুমে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়। কোনো কারণে এগুলোকে কেন্দ্র করে যেন উত্তেজনার সৃষ্টি না হয়। এসব নিয়ে ধর্মীয় কোনো অনৈক্য যাতে দেখা না দেয়, এসব অনুমোদন দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ অবশ্যই খেয়াল রাখবেন।’

বাণিজ্য মেলা ও শিল্পমেলার আড়ালে অশ্লীলতা ও জুয়ার আসর বসানো নিয়েও সতর্ক করেন হুইপ। তিনি বলেন, ‘বাণিজ্য মেলা, শিল্পমেলা, বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়ার আসর– এসব যেন না হয়। আমাদের এখানে ব্যবসা-বাণিজ্য ভালোই চলছে। দোকানে যারা আছেন, নতুন করে মাঠে নিয়ে দোকানের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকেই আমাকে বলেন, পার্শ্ববর্তী জেলায় এসব হয়। আমি তাদের বলি, অন্য এলাকায় এসবের চাহিদা আছে। আমার এলাকার মানুষ এসব পছন্দ করে না।’

প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, ‘আমি আজ ফরমালি ডিসি সাহেবকে অনুরোধ করব, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকায় যেন এসব না শুনি। এমনিতেই নিষিদ্ধ সংগঠন, বট বাহিনী কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে। আর কোনো সমস্যা যেন আমরা ডেকে না আনি।’

সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এবং পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কয়েকটি গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। ২৬ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণদিবস উপলক্ষে তাঁর সমাধিস্থল-সংলগ্ন এলাকায় আয়োজিত গানের আসর স্থানীয় আপত্তির মুখে বন্ধ হয়ে যায়। এর চার দিন আগে ২২ অক্টোবর সুনামগঞ্জের দিরাইয়ের হাতিয়া-রাধানগর গ্রামে একটি পক্ষের আপত্তিতে বন্ধ হয়ে যায় বাউল গানের আসর। এ ছাড়া মার্চ মাসে চাঁপাইনবাবগঞ্জ সদরের একটি গ্রামে মসজিদ কমিটির পক্ষ থেকে গানবাজনা নিষিদ্ধের নোটিশ দেওয়ার ঘটনা ঘটে।

 

News Editor :  Abul Hasnat Milton