Saturday 07 November, 2026

দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 00:05, 6 November 2026

দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা

দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান লেখাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়টির কয়েকজন ছাত্রী এসব স্লোগান লিখেছেন।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দেয়াল লিখনের একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দেয়ালে কালো রঙের স্প্রে দিয়ে লেখা বিভিন্ন স্লোগান। এর মধ্যে রয়েছে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’, ‘উই আর মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’।

পরে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলার কাজ শুরু করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিদ্যালয়ের ইউনিফর্ম পরা ছয় শিক্ষার্থী সামনের একটি গলিতে স্প্রে রং দিয়ে বিভিন্ন দেয়ালে স্লোগান লিখছেন। তাদের মধ্যে দুজন সরাসরি দেয়াল লিখনে অংশ নেন, অন্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন।

স্থানীয়দের দাবি, বুধবার দিনের বেলায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী দেয়ালে এসব স্লোগান লেখেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, দিনের বেলায় স্কুলের শিক্ষার্থীরা দেয়ালে স্লোগান লিখেছেন। পরদিন বিষয়টি জানাজানি হলে পুলিশসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থলে আসেন।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীরা এসব স্লোগান লিখেছেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে স্কুল কর্তৃপক্ষ দেয়ালের লেখাগুলো মুছে ফেলেছে। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করে তাদের অভিভাবকদের ডেকে বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, খবর পেয়ে দেয়ালটি পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। কার নির্দেশে শিক্ষার্থীরা দেয়ালে এসব স্লোগান লিখেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

News Editor : Shahrina Sharmin