Saturday 07 November, 2026

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 21:13, 6 November 2026

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

খুলনা নগরীর ব্যস্ততম শিববাড়ী মোড় এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে কালি লেপে দেওয়ার একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ওই গ্রাফিতির ওপর এবং আশপাশে কিছু পোস্টারও সাঁটানো হয়েছে, যার বিষয়বস্তু নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, শিববাড়ী মোড়ের দেয়ালে আঁকা বিভিন্ন মনীষীর গ্রাফিতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালিতে ঢেকে দেওয়া হয়েছে।

গ্রাফিতিটির মাথার কাছে লাগানো রয়েছে দুটি পোস্টার। সেগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বিভিন্ন বক্তব্য লেখা হয়েছে। একটি পোস্টারে লেখা রয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম পূর্ব বাংলায় বিদেশির ঠাঁই নাই, ভারত বন্দনার ঠাঁই নাই।’

তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ওই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কবি মাইকেল মধুসূদন দত্তসহ বিশিষ্ট ব্যক্তিদের গ্রাফিতি রয়েছে।
 

News Editor : Shahrina Sharmin