Saturday 03 October, 2026

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

অতিথি প্রতিবেদক

প্রকাশিত: 18:00, 1 October 2026

আপডেট: 19:57, 2 October 2026

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

সিডনিতে আনন্দঘন পরিবেশ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘আমাদের কথা’ ইনকর্পোরেটেড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম আয়োজন। গত রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যাম্পবেলটাউন সিভিক সেন্টারে আয়োজিত এই বিশেষ সন্ধ্যায় সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক দর্শক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি সংগঠক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালনায় ছিলেন মঞ্জুশ্রী মিতা মজুমদার ও পৃথিবী তাজওয়ার। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের পর ভূমির স্বীকৃতি পাঠ করেন পৃথিবী তাজওয়ার। স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি ও ‘আমাদের কথা’ সংবাদ পোর্টালের প্রধান সম্পাদক পূরবী পারমিতা বোস ২০২০ সালের কঠিন সময়ে শুরু হওয়া সংগঠনের যাত্রার স্মৃতিচারণ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিশেষ সম্মাননা পর্ব। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য বিশিষ্ট লেখক অজয় দাশগুপ্তকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তাঁকে এই সম্মাননা তুলে দেন সাবেক ডেপুটি মেয়র কারেন হান্ট, ড. সুলতান মাহমুদ ও পূরবী পারমিতা বোস। এই সময় আগামী ৮ মে ২০২৭ একটি বিশেষ রবীন্দ্রজয়ন্তী আয়োজনের কথা জানানো হয়। এছাড়া চারু গানের দল, কিশলয় কচিকাঁচা, আলোকচিত্রী তাপস পাল, নটরাজ ড্যান্স একাডেমি এবং তরুণ নৃত্যশিল্পী মিশা চৌধুরীকেও সম্মানিত করা হয়।

নাগরিক নেতৃত্বে অবদানের জন্য সদ্য নির্বাচিত দুই ডেপুটি মেয়র—ক্যাম্পবেলটাউন সিটির মাসুদ চৌধুরী ও ক্যামডেন কাউন্সিলের এলিজা রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আফরীনা চৌধুরী পান বিশেষ অবদান সম্মাননা। তবে অনুপস্থিতির কারণে ক্যাম্পবেলটাউন সিটির মেয়র ডার্সি লাউন্ড, গামা আব্দুল কadir এবং মো. শফিকুল আলমের সম্মাননা পরবর্তী আয়োজনে প্রদানের সিদ্ধান্ত হয়। একই সাথে মোবারক হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে ফেডারেল এমপি ডেভিড মনক্রীফ, কাউন্সিলর কারেন হান্ট, কাউন্সিলর মাসুদ ইব্রাহিম খলিল, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মাইনুল হাসান সুমনসহ একটি স্বেচ্ছাসেবক দল।

সম্মাননা শেষে মঞ্জুশ্রী মিতা মজুমদার ও মুনা মুস্তাফার উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। সম্পূর্ণ স্থানীয় শিল্পীদের নিয়ে সাজানো এই পর্বে সংগীত পরিবেশন করেন আরুশী চৌধুরী, পূর্ণতা কুন্ডু, প্রিয়াংকা চৌধুরী, মারিয়া মুন এবং চারু গানের দল। একক ও দলগত নৃত্যে অংশ নেন মিশা চৌধুরী, অর্পিতা সোম চৌধুরী, শ্রেয়সী দাশ, পর্না ঘোষ ও রেমো ঘোষ। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সৈয়দ মাহাদি।

রাত ৯টায় সাংস্কৃতিক আয়োজন শেষে অতিথিদের জন্য নৈশভোজ পরিবেশন করে ফোড়নের গল্প ক্যাফে। নৈশভোজের পর আসে প্রতিষ্ঠাবার্ষিকীর আরেকটি আনন্দঘন মুহূর্ত। উপস্থিত অতিথি, শিল্পী, সদস্য ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে কাটা হয় ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল কেক। সবাই মিলে কেক কাটার মধ্য দিয়ে ছয় বছরের পথচলার আনন্দ ভাগাভাগি করে নেন।

সম্মাননা, গান, নৃত্য, আড্ডা, নৈশভোজ এবং সবশেষে সম্মিলিত কেক কাটার আনন্দ সব মিলিয়ে উৎসবমুখর ও সম্প্রীতির আবহে শেষ হয় ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম আয়োজন।

 

News Editor : অতিথি প্রতিবেদক