সিডনিতে ঢাবি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সভা ও নির্বাচন
অস্ট্রেলিয়ার সিডনিতে গ্লেনফিল্ড কমিউনিটি হলে গত ২১ সেপ্টেম্বর (রবিবার) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ১১তম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ। তিনি সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ বার্ষিক প্রতিবেদন পেশ করেন এবং কোষাধ্যক্ষ হালিমুসসান আর্থিক হিসাব উপস্থাপন করেন।
সভায় বাংলাদেশি জাতীয় দিবস উদযাপন, বন্যাদুর্গতদের সহায়তা এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমসহ নানা উদ্যোগের কথা উল্লেখ করা হয়। সদস্যরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন।
নির্বাচন কমিশনার ব্যারিস্টার আবদুল লতিফ শিকদার জানান, একাধিক প্রার্থী না থাকায় ২১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন কামরুল মান্নান আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লিংকন শফিকউল্লাহ।
অনুষ্ঠানের শেষাংশে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মাসুদ মিথুন ও রুমানা হক। বিকেল পাঁচটায় সভাপতির ঘোষণার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।







