Saturday 06 June, 2026

গানে প্রাণে দুই দশক: মেলবোর্নে শ্রোতার আসরের মহাসফল ২০ বছর পূর্তি উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 03:05, 24 November 2025

আপডেট: 03:38, 16 December 2025

গানে প্রাণে দুই দশক: মেলবোর্নে শ্রোতার আসরের মহাসফল ২০ বছর পূর্তি উৎসব

গানে প্রাণে দুই দশক: মেলবোর্নে শ্রোতার আসরের মহাসফল ২০ বছর পূর্তি উৎসব

মেলবোর্ন, অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরোনো সাংস্কৃতিক সংগঠন “শ্রোতার আসর” তাদের ২০ বছর পূর্তির অনুষ্ঠান “গানে প্রাণে দুই দশক” মহাসমারোহে মঞ্চায়ন করেছে গত ৯ই নভেম্বর ২০২৫। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেলবোর্ন সিটি সেন্টারের দ্য এজ হল—ফেডারেশন স্কয়ার-এ, যেখানে ৬০০-র বেশি দর্শকের উপস্থিতিতে যেন উৎসবের আবহ সৃষ্টি হয়।

২০০৫ সালের জানুয়ারিতে যাত্রা শুরুর পর দুই দশক ধরে মেলবোর্নের বাংলাভাষী শিল্প-অনুরাগীদের জন্য ৬৬টি সফল আয়োজন করেছে এই সংগঠন। সেই ঐতিহ্য ধরে রেখে বিকেল ঠিক ৫টায় উপস্থাপকের আহ্বানে সদস্য তালিকার প্রথম ও শেষ সদস্য একসাথে মঞ্চে উঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন—যা ছিল দর্শকদের জন্য এক আবেগঘন মুহূর্ত।

উদ্বোধনের পর শুরু হয় টানা ২ ঘণ্টা ৪৫ মিনিটের দৃষ্টিনন্দন সঙ্গীত পরিবেশনা, যেখানে শ্রোতার আসরের শিল্পীরা একের পর এক জনপ্রিয় বাংলা গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। গানের বিরতিতে উপস্থাপক সংগঠনের দুই দশকের পথচলার সহযোগী—শিল্পী, যন্ত্রশিল্পী, পৃষ্ঠপোষক, শ্রোতা ও নেপথ্যের অকৃত্রিম মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি দর্শকদের সঙ্গে কিছু মজার আলাপচারিতায় হাস্যরসের রেশ উঠেছিল দ্য এজ হলজুড়ে। সবাই একবাক্যে শ্রোতার আসরের বিশ বছর ধরে ঠিক বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু রাখার অনন্য ঐতিহ্যকে বিশেষভাবে প্রশংসা করেন।

বিশেষ এই আয়োজনকে কেন্দ্র করে প্রকাশিত হয় একটি স্মারক ম্যাগাজিন। এছাড়া শ্রোতার আসরের বিগত অনুষ্ঠানগুলো থেকে দর্শকপ্রিয় গানগুলো নিয়ে একটি স্মারক ইউএসবি এবং স্মরণীয় টিশার্টও উন্মোচন করা হয়।

দর্শকের উচ্ছ্বাস, ভালোবাসা আর করতালিকে সঙ্গে নিয়ে শ্রোতার আসর ঘোষণা করে আরও ২০ বছর পথচলার প্রত্যয়। সবার মন জয় করে এভাবেই সংগঠনটি তার মাইলফলক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করে।

News Editor : Khandaker Enamul