Monday 26 October, 2026

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের প্রয়াণে শেখ হাসিনার শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 10:29, 25 October 2026

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের প্রয়াণে শেখ হাসিনার শোক

বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের প্রয়াণে শেখ হাসিনার শোক

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেখ হাসিনা। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, একাত্তরের রণাঙ্গনের বীরযোদ্ধা শফিকুর রহমান স্বাধিকার থেকে স্বাধীনতা এবং অসহযোগ থেকে মুক্তির সংগ্রামসহ স্বাধীন বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে রাজপথ ও সাংবাদিকতা—উভয় ক্ষেত্রেই আপসহীন ও প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন।

দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত শফিকুর রহমান একাধিকবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের গণমাধ্যম, সাংবাদিকতার পেশাগত স্বার্থ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। রাজনীতিতে যুক্ত হয়েও গণমানুষের কল্যাণ ও নির্বাচনী এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন, শফিকুর রহমানের মতো মহৎপ্রাণ, প্রগতিশীল ও উদার গণতান্ত্রিক ব্যক্তিত্বের অভাব সাংবাদিকতা ও রাজনীতিতে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, ফরিদগঞ্জবাসী প্রিয় জননেতা এবং গণমাধ্যম একজন শক্তিমান কলমযোদ্ধাকে হারিয়েছে। ব্যক্তিগতভাবে তিনি হারিয়েছেন একজন বিশ্বস্ত শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও সহপাঠী বন্ধুকে।

শোকবার্তায় শেখ হাসিনা আরও অভিযোগ করেন, ইউনূস সরকারের সময়ে হত্যাসহ একাধিক মামলায় শফিকুর রহমানকে আসামি করে ফেরারি জীবনযাপনে বাধ্য করা হয়েছিল এবং যথাযথ চিকিৎসা পাওয়ার অধিকার থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছিল। এর ফলে তাঁর আকস্মিক মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক 
বাংলাদেশ চিরজীবী হোক।
 

 

News Editor :  Abul Hasnat Milton