‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাদিয়াদ হুসাইন ওরফে বর্ণ (২৬)। বুধবার (২১ অক্টোবর) ভোরে জেলার গাবতলী উপজেলার কামারচট্র এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ণ গাবতলী উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য সেবনের অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বর্ণ। স্লোগান দিতে দিতে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ওই ঘটনার ছবি দেখে তাকে শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে গাবতলীতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বর্ণ। এছাড়া বার্মিজ চাকুসহ গ্রেপ্তার হওয়ার ঘটনাও রয়েছে তার বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বর্ণের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ মোট চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
News Editor : Abul Hasnat Milton







