বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে, বিবৃতি দিল আওয়ামী লীগ
দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক দুর্ভোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এক বিবৃতিতে দলটি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের ভূমিকারও সমালোচনা করেছে।
রোববার (১২ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ দাবি করে, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ মোকাবিলায় সরকারের কার্যক্রম যথাযথ নয়। বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বন্যাকবলিত এলাকার কোটি মানুষের হাহাকার এবং রাজধানী ঢাকার নজিরবিহীন জলাবদ্ধতায় জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সরকারের চরম নির্লিপ্ততা ও উদাসীনতা দেশবাসীকে গভীরভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে।
বান্দরবান, বাঁশখালি, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, খাগড়াছড়ি ও ফেনীর লাখো মানুষ আশ্রয়হীন অবস্থায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
একইসঙ্গে অভিযোগ করা হয়, ঠিক এই দুঃসময়ে দেশের প্রধানমন্ত্রীর সস্ত্রীক ঢাকা মেডিকেল কলেজে উৎসবমুখর পরিবেশে হাস্যোজ্জ্বল সেলফি তোলার ঘটনা নেটিজেন ও জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জনগণের চরম বিপদের দিনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সংবেদনহীনতা ও তামাশা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয়, এবং দুর্যোগকালে এমন আত্মতুষ্টির রাজনীতি সরকারের অদূরদর্শিতা ও দায়িত্বজ্ঞানহীনতারই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে অতীতের দুর্যোগ মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের ভূমিকার কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০১৭ ও ২০২২ সালের সিলেট ও উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় দলীয় নেতৃত্ব নিজে দুর্গম এলাকায় ছুটে গিয়ে প্রশাসন ও নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুততম সময়ে উদ্ধার অভিযান, আশ্রয়কেন্দ্র স্থাপন ও পুনর্বাসনের নজির সৃষ্টি করেছিল।
১৯৯৮ সালের বন্যা মোকাবিলা এবং কোভিড-১৯ মহামারিতে ঘরে ঘরে বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া ও অর্থনৈতিক প্রণোদনা-খাদ্য সহায়তা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে।
এর বিপরীতে বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা ও দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির অভাবের অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, মাঠপর্যায়ে এখনও কার্যকর ও পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়নি, যা দুঃখজনক।
বিবৃতির শেষাংশে বলা হয়, আওয়ামী লীগ সবসময়ই জনগণের সুখে-দুঃখে পাশে থাকার রাজনীতি করে। দলটি সরকারের প্রতি অবিলম্বে বন্যাদুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহের দাবি জানায়।
একইসঙ্গে দলের সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের উদ্ধার ও মানবিক সহায়তায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে, এবং দেশবাসীর যেকোনো সংকটে দলটি সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।








