Wednesday 14 October, 2026

‘এভাবে চললে দেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে’, বিক্ষোভ সমাবেশে জাপার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:48, 13 October 2026

‘এভাবে চললে দেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে’, বিক্ষোভ সমাবেশে জাপার হুঁশিয়ারি

ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় ‘মব’ সৃষ্টি করে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও জেলা জাতীয় পার্টি।

এর আগে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জাহাজ কোম্পানি পর্যন্ত প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন মহানগর জাপার সভাপতি সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা আহ্বায়ক আজমল হক লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে রংপুর সিটির সাবেক মেয়র মহানগর জাপার সভাপতি ও দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেন, দেশে এখনও মবের রাজনীতি চলছে। বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন মবের কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এভাবে যদি মব ও অরাজকতা চলে- সরকার যদি মবের রাজনীতি কন্ট্রোল করতে না পারে তাহলে দেশে গৃহযুদ্ধ বাঁধতে পারে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, আপনাকে শক্তভাবে মবের রাজনীতি নিয়ন্ত্রণ ও মবকারীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি অভিযোগ করেন, ঢাকায় দিনের বেলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় মব তৈরি করে হামলা ও ভাঙচুর চালানো হলো- আমরা প্রথমে ভেবেছিলাম এনসিপি করেছে। কিন্তু হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। তবে হামলা চলাকালে পুলিশ নীরব ছিল কেন? এর জবাব দেশের মানুষ জানতে চায়।

তার অভিযোগ, এখন মবের কারণে ডিসি, এসপি ও বিচার বিভাগে কেউই নিরাপদ নয়। আদালত চত্বরে রাজনৈতিক কর্মকাণ্ড চলে- এসব আগে কখনও দেখিনি। দেশে কী চলছে- যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা নিতে চায় এরা কারা? তাদের সরকারকেই চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মোস্তাফিজার রহমান আরও বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা এখন কম দলীয় কার্যক্রম করছি। দলের হাইকমান্ডের নির্দেশনা পেলে আমরা করণীয় নির্ধারণ করবো। রংপুরে এখনও যেকোনও রাজনৈতিক দলের চাইতে আন্দোলন কীভাবে করতে হয় জানি। আমাদের সমকক্ষ এখনও কোনও দল নাই।

অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

 

News Editor : Mehedi Shaheen