Monday 12 October, 2026

‘শান্তি ভঙ্গ’ না করার শর্তে মুক্তি পেলেন সিজেপির শীর্ষ ৩ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 13:31, 11 October 2026

‘শান্তি ভঙ্গ’ না করার শর্তে মুক্তি পেলেন সিজেপির শীর্ষ ৩ নেতা

এক বছর ‘শান্তি ভঙ্গ’ না করার শর্তে মুক্তি পেলেন সিজেপির শীর্ষ ৩ নেতা

ভারতের দিল্লিতে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতাকে মুক্তি দিয়েছেন আদালত। তবে এক বছরের মধ্যে শান্তি ভঙ্গ হতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে জড়াবেন না, এই শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তারা হলেন—সিজেপির প্রতিষ্ঠাতা এবং জাতীয় আহ্বায়ক অভিজিৎ দীপকে, সংগঠনটির প্রধান মুখপাত্র এবং সহ-আহ্বায়ক সৌরভ দাস, মুখপাত্র এবং সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করা হয়। 

এর আগে শনিবার দিল্লিতে একটি উড়োজাহাজ থেকে তাদের আটক করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সিজেপির পরিকল্পিত বিক্ষোভের দ্বিতীয় দিনে তাদের প্রতিরোধমূলকভাবে আটক করা হয়।

এর আগের দিন বিক্ষোভে অংশ নেওয়া রাজনীতিবিদসহ তিন হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। পরে শনিবার রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। দিল্লির কেন্দ্রীয় এলাকায় বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এর ফলে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ছোট ছোট দলে জড়ো হন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমর্থক ও ক্ষমতাসীন এনডিএ সরকারের সমালোচক ইউটিউব অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠিও মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন।
সিজেপি নেতারা অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোট মুছে ফেলা ও কারসাজির ঘটনায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তাদের দাবি, শান্তিপূর্ণ জমায়েত ঠেকাতে দিল্লিতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।

 

News Editor : Abdullah Al Noman