Monday 12 October, 2026

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 13:24, 11 October 2026

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা ভারতের

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার তীব্র নিন্দা ভারতের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শনিবারের ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়।

বেসামরিক নাগরিক ও স্থাপনায় বারবার হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলার নিন্দা জানাচ্ছে ভারত। এর মধ্যে ১০ অক্টোবরের হামলায় প্রাণহানি, আহত হওয়ার ঘটনা এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে বারবার হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

ভারত জানিয়েছে, সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে দ্রুত ওই অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে দেশটি।

এদিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত ৩ ও ৪ নম্বর টার্মিনালসংবলিত এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবের ভূখণ্ডে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

 

News Editor : Fokhrul Islam