Friday 27 November, 2026

‘গোপালগঞ্জ সংশ্লিষ্টতা’ সন্দেহে আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করল ডিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:07, 26 November 2026

‘গোপালগঞ্জ সংশ্লিষ্টতা’ সন্দেহে আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করল ডিবি

‘গোপালগঞ্জ সংশ্লিষ্টতা’ সন্দেহে আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করল ডিবি

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে (এসআরবি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার ‘গোপালগঞ্জ সংশ্লিষ্টতা’ সন্দেহে আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর ও নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক আন্দোলন, মিছিল ও বিক্ষোভের নেপথ্যে এই কর্মকর্তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা হলেন— ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএস ব্যাচের মো. রাকিবুল হাসান। জানা গেছে, আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায় এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আছেন। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম দুই পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিডাইজেস্ট ১৬ নভেম্বর, ২০২৬, প্রকাশিত সংবাদে জানিয়েছিল , বাংলাদেশ পুলিশের প্রায় ২২ হাজার সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে দলটির নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে গোয়েন্দা তৎপরতা চলছে। পাশাপাশি কয়েক হাজার পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। সংবাদের লিংকঃ ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে

এই তদন্তের অংশ হিসাবেই এই পুলিশ সদস্যদের গ্রেফতার কার্যক্রম চলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, আটক দুই কর্মকর্তার মধ্যে আবুল কালাম আজাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলার রিকুইজিশন ছিল। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর অপর কর্মকর্তা রাকিবুল হাসানকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

News Editor :  Abul Hasnat Milton