Saturday 10 October, 2026

শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 20:04, 8 October 2026

শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী

শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা হত্যাচেষ্টা ও সহিংসতার মামলাটি প্রত্যাহার করা হয়েছে। মামলার বাদী মো. কফিল উদ্দিনের আবেদন ও সাক্ষ্য-নথি পর্যালোচনা শেষে গত সোমবার (৫ অক্টোবর) আদালত মামলাটি থেকে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

আদালতের ওই আদেশের মধ্য দিয়ে মামলাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মামলার নথি ও আসামিপক্ষের আইনজীবী এস এম রাশেদ চৌধুরীর মন্তব্য সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের উত্তাল পরিস্থিতিতে কফিল উদ্দিন বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৮৭ জনের নাম উল্লেখ এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত চালিয়ে মামলায় আরও প্রায় শতাধিক আসামির নাম যুক্ত করে।

তবে সময়ের ব্যবধানে পরিস্থিতির পরিবর্তনের মুখে প্রায় দু’মাস আগে বাদী কফিল উদ্দিন নিজেই আদালতে উপস্থিত হয়ে মামলা প্রত্যাহারের বিষয়ে জবানবন্দি প্রদান করেন। গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও বিচারক বাদীর সাক্ষ্য ও নথিপত্র অধিকতর পর্যালোচনার জন্য সময় নেন। সর্বশেষ সোমবার আদালত আনুষ্ঠানিকভাবে মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে আদেশ জারি করেন।

​আসামিপক্ষের আইনজীবী এস এম রাশেদ চৌধুরী বলেন, “বাদী মোঃ কফিল উদ্দিন সাহেব তার আবেগী ও তাৎক্ষণিক পদক্ষেপের ভুল বুঝতে পেরে আইনগতভাবে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির অবসান ঘটায় আগামী দিনগুলোতে অনেকেই হয়তো তাদের ভুল বুঝতে পেরে এমন পথ অনুসরণ করবেন।”

​এদিকে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি হাইপ্রোফাইল মামলার বাদীর নিজ উদ্যোগে ‘ভুল’ স্বীকার করে মামলা প্রত্যাহারের ঘটনাটি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূলের সাধারণ মানুষ ও সচেতন নাগরিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও আইনি পর্যবেক্ষণের সৃষ্টি হয়েছে।

 

News Editor : Mehedi Shaheen