সবজি বাজার আকাশচুম্বি: ‘অল্প অল্প কিনে কোনোমতে জীবন চালাচ্ছি’
রাজধানীর বাজারে সবজির বাড়তি দাম এখনো কমেনি। শুক্রবার যে দামে সবজি বিক্রি হয়েছে, শনিবারও সেই বাড়তি দাম বহাল ছিল। শনিবার পর্যন্ত প্রতি কেজি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। আগে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পটল এখন ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির পাশাপাশি বেড়েছে মাছের দামও। তবে মুরগির দাম স্থিতিশীল রয়েছে।
বাজার করতে আসা ক্রেতারা বলছেন, মাত্র এক-দুই দিনের ব্যবধানে সবজির দাম এভাবে বেড়ে যাওয়া বিস্ময়কর। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তাঁরা জানান, প্রয়োজনীয় পণ্য অল্প অল্প করে কিনে কোনোমতে সংসার চালাতে হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর মেরাদিয়া, রামপুরা, খিলগাঁওসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মেরাদিয়া বাজারে গিয়ে দেখা যায়, পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা। এই পটল বুধবার ও বৃহস্পতিবার ৮০ টাকা কেজি ছিল। আলু প্রকার ভেদে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা, পটল, করলা ১২০ থেকে ১৫০ টাকা, ফুলকপি প্রতি পিস ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এছাড়াও ঝিঙ্গা প্রতি কেজি ১২০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, সিম ২২০-২৫০ টাকা, কচু ৮০ টাকা, পেপে ৩৫-৪০টাকা, ভেন্ডি ১০০ টাকা এবং কাঁচা মরিজ ২০০ টাকা, বরবটি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন ২০০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হতে দেখা যায়।
তাজা রুই যেটা ৩৬০ টাকা ছিল, সেটিও ৩৮০ থেকে শুরু করে ৪২০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য মাছের দামও আকাশ ছোঁয়। এছাড়াও ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫৫ টাকা।
মাংসের মধ্যে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি, কক ৩৩০ এবং লেয়ার ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধু মুরগির দামের কোনও পরিবর্তন হয়নি। পরিবর্তনের হয়নি গরুর মাংসের দাম। প্রতি কেজি ৮২০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজার করতে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, আর কত দাম বাড়বে। শীতকাল চলে আসছে। শীতের কিছু কিছু সবজিও বাজারে। কিন্তু কোনও জিনিসের দাম কমতির দিকে নই।
ক্রেতা জসিম উদ্দিন বলেন, একবার দাম বাড়লে আর যে কমে না, এটি বার বার প্রমাণিত। এই যে পটল ১০০ টাকার ওপরে ওঠে গেলো, এটি আবার কমতে কতদিন লাগে দেখেন। আমাদের মতো নিম্নবিত্ত মানুষরা এখন পরিপূর্ণভাবে কিনতে পারি না। অল্প অল্প কিনে কোনোমতে জীবন চালাচ্ছি।
বাজারে আসা ক্রেতা আরিফুর রহমান বলেন, গতকাল যে সবজির দাম ছিল আজকেও তাই দেখছি। দাম বাড়লে যে কমবে সেটির কোনও অবস্থা নেই।
তিনি বলেন, আমাদের মতো পরিবারগুলোর অবস্থা এখন খুবই কঠিন। ডিম যে ১৫০ টাকার ওপরে উঠলো সেটি কিন্তু আজও কমেনি। এখন ডিম ১৫৫ টাকা ডজন কিনতে হচ্ছে।
কানিজ ফাতেমা নামের আরেক ক্রেতা বলেন, বাজারে কোন জিনিসটা আমাদের সাধ্যের মধ্যে? আমরা কি পরিপূর্ণভাবে কিনতে পারি। বাসায় রান্না করা সিলিন্ডার সেটির দামও আকাশছোঁয়া। এছাড়াও সবজি, মাছ, মাংস কোনটা মানুষ সহজেই কিনতে পারছে? মানুষ হাঁসফাঁস করছে। কোনটা রেখে কোনটা কিনি। এই অবস্থা আমাদের। সব জিনিসের দাম বাড়তি। আমরা যাব কোথায়?
News Editor : Fokhrul Islam








