অস্ট্রেলিয়ায় ১ লাখ অবৈধ ‘হিসিং’ তেলাপোকা জব্দ
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে এক বাণিজ্যিক প্রজননকারীর কাছ থেকে ১ লাখের বেশি অবৈধ বিদেশি তেলাপোকা জব্দ করেছে। এর মধ্যে কিছু তেলাপোকা মানুষের হাতের তালুর সমান বড় ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা তেলাপোকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ অস্ট্রেলীয় ডলার।
এগুলোর মধ্যে ছিল মাদাগাস্কার হিসিং তেলাপোকা এবং দুবিয়া তেলাপোকা। অস্ট্রেলিয়ায় এই দুই প্রজাতির তেলাপোকা আমদানি, পালন, প্রজনন বা বিক্রি করা আইনত নিষিদ্ধ। সিডনি থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বাথার্স্ট এলাকার এক প্রজননকারীর কাছ থেকে এসব তেলাপোকা জব্দ করা হয়।
কর্তৃপক্ষের মতে, এটি অস্ট্রেলিয়ায় অবৈধ বিদেশি অমেরুদণ্ডী প্রাণী জব্দের সবচেয়ে বড় ঘটনা। তারা সতর্ক করেছে, এসব বিদেশি পোকামাকড় রোগ ছড়াতে পারে এবং স্থানীয় বন্যপ্রাণী ও কৃষির জন্য হুমকি তৈরি করতে পারে। জব্দ করা তেলাপোকাগুলো সাধারণত পোষা সরীসৃপ প্রাণীর খাবার হিসেবে ব্যবহার করা হয়। তবে এগুলো অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেগুলো ধ্বংস করে ফেলবে বলে জানিয়েছে।
জলবায়ু পরিবর্তন, শক্তি, পরিবেশ ও পানি বিভাগের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা বহিরাগত তেলাপোকার অবৈধ প্রজনন ও ব্যবসা দেখতে পাচ্ছি এবং আমরা পোষ্য প্রাণীর ব্যবসা প্রতিষ্ঠান ও মালিকদের সতর্ক করছি।’
তিনি আরো বলেন, ‘যদি আপনার কাছে ডুবিয়া তেলাপোকা এবং মাদাগাস্কার হিসিং তেলাপোকার মতো তেলাপোকা পাওয়া যায়, তবে সেগুলো বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া আপনাকে ফেডারেল আইনের অধীনে শাস্তির সম্মুখীন হতে হতে পারে।’ মাদাগাস্কার হিসিং তেলাপোকা বিশ্বের অন্যতম বৃহত্তম প্রজাতি। এদের এমন নামকরণের কারণ হলো এরা এমন জোরে হিসহিস শব্দ করতে পারে, যা শুনতে পাওয়া যায়।
News Editor : Shahrina Sharmin








