মেট্রোরেলের খুঁটিতে থাকছে খালেদাসহ জুলাইয়ের গ্রাফিতি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের খুঁটিতে জুলাইয়ের গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু হয়েছে। ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ ক্যাম্পেইনের মাধ্যমে নগরবাসীর অংশগ্রহণে খুঁটিগুলো নতুন করে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছে ডিএনসিসি। এসব গ্রাফিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ জুলাইয়ের বিভিন্ন চিত্র স্থান পাবে।
শুক্রবার এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম।
ডিএনসিসি জানায়, মিরপুরে মেট্রোরেলের খুঁটিগুলোতে নতুন করে জুলাইয়ের গ্রাফিতি আঁকতে নগরবাসীকে এ ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় রং, তুলি ও অন্যান্য সামগ্রী সিটি করপোরেশনের পক্ষ থেকে সরবরাহ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের খাম্বায়র পোস্টার অপসারণের। আল্লাহর অশেষ রহমতে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতৃবৃন্দের সহযোগিতায় ৭২ ঘণ্টার আগেই এগুলো করতে পেরেছি।
পরে আরেকটা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশের ইতিহাস রচনার জন্য যারা মারা গেছেন, সহযোগিতা করেছেন; মানুষের মণিকোঠায় সবসময় যাতে তাদের জায়গায় দেওয়া যায়, সে জন্য জুলাইয়ের গ্রাফিতিগুলো মেট্রোলের খাম্বায় প্রতিস্থাপন করবো। এ কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।
তিনি বলেন, খালেদা জিয়া সব রাজনৈতিক দল ও বিরোধীদলের মণিকোঠায় আছেন। এই জুলাই সৃষ্টির পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার ছবিও মেট্রোরেলের খাম্বায় সংযুক্ত করবো। জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর ছবি আমরা খাম্বায় গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করবো।
আমরা এটা নিয়ে রাজনীতি করবো না। যাদের যতটুকু অবদান ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য গ্রাফিতি অঙ্কন করবো, বলেন তিনি।
News Editor : Abul Hasnat Milton








