Sunday 29 November, 2026

শ্রীদেবীর মৃত্যুর ৮ বছর পর সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 19:03, 28 November 2026

শ্রীদেবীর মৃত্যুর ৮ বছর পর সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

শ্রীদেবীর মৃত্যুর ৮ বছর পর সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর নিথর দেহ উদ্ধারের ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বিনোদনজগৎ। আকস্মিক এই মৃত্যু নিছকই দুর্ঘটনা, নাকি এর আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে ছিল—তা নিয়ে শুরু থেকেই সংবাদমাধ্যমের একাংশে চলেছিল ব্যাপক জল্পনা-কল্পনা। মর্মান্তিক সেই ঘটনার প্রায় আট বছর পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সে সময় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি।

তাঁর স্পষ্ট দাবি, শ্রীদেবীর মৃত্যুর পেছনে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ তাঁর নজরে আসেনি। বরং শোকাবহ এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর অতি-উৎসাহী ভূমিকা ও সংবাদ পরিবেশন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এই সাবেক কূটনীতিক।

এক সাক্ষাৎকারে ২০১৮ সালের সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন নবদীপ সিং সুরি। শ্রীদেবীর মৃত্যুর সময় তিনি সংযুক্ত আরব আমিরাতে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

অভিনেত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় দুবাই প্রশাসন ও কাপুর পরিবারের মধ্যে সমন্বয় সাধনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছিলেন তিনি।
সুরি জানান, সংবাদমাধ্যমে একের পর এক জল্পনা ছড়িয়ে পড়ায় দুবাই প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। নিয়ম মেনেই করা হয় ময়নাতদন্ত। সংগ্রহ করা হয় ভিসেরা নমুনা, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুরও।

সাক্ষাৎকারে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ পরিবেশনের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই রাষ্ট্রদূত। তার মতে, শ্রীদেবীর মৃত্যুর মতো একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের একাংশ কার্যত তামাশায় মেতে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে তাকেই প্রকাশ্যে এসে বক্তব্য দিতে হয়েছিল।

নবদীপ সিং সুরির ভাষায়, সেই সময় টেলিভিশন চ্যানেলগুলো সব সীমা অতিক্রম করেছিল। পুরো পরিস্থিতিকে তিনি ‘কুৎসিত ও অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন। তার আক্ষেপ, এত বছর পেরিয়ে গেলেও সংবাদমাধ্যম সেই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছে বলে তার মনে হয় না।

 

News Editor : Shahrina Sharmin