Sunday 29 November, 2026

টানা দুই হারে এমএলএসের প্লে-অফ থেকে বিদায় মেসির মায়ামির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 18:06, 28 November 2026

টানা দুই হারে এমএলএসের প্লে-অফ থেকে বিদায় মেসির মায়ামির

টানা দুই হারে এমএলএসের প্লে-অফ থেকে বিদায় মেসির মায়ামির

যোগ করা সময়ের নাটকীয় গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে বিদায় করে এমএলএস কাপ প্লে-অফের পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে কলম্বাস ক্রু। শুক্রবার রাতে প্রথম রাউন্ডের ‘বেস্ট-অব-থ্রি’ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কলম্বাসের কাছে ১-০ গোলে হেরে আসর থেকে ছিটকে গেছে লিওনেল মেসির দল।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কলম্বাসের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন সান্তিয়াগো রদ্রিগেজ। আনাস জারৌরির ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি। এর আগে গত ২১ নভেম্বর মায়ামির মাঠে সিরিজের প্রথম ম্যাচেও ৩-০ গোলে জয় পেয়েছিল কলম্বাস। টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করল তারা। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তলানিতে থাকা কলম্বাস ক্রু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টানা অষ্টম জয় তুলে নিল।

ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ছিল মাত্র ৩৮ ডিগ্রি ফারেনহাইট এবং পুরো ম্যাচজুড়েই বৃষ্টি হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রথমার্ধে কলম্বাসের রক্ষণাত্মক কৌশলের সুযোগ নিয়ে বল দখলে রেখেছিল মায়ামি এবং বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিল।

ম্যাচের শুরুতেই জার্মান বার্তেরামের ওভারহেড পাস বক্সের মাঝখানে পেলেও বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন মেসি। ২১তম মিনিটে ব্রাইস মেন্দেজের বাঁকানো শট রুখে দেন মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এর ঠিক এক মিনিট পরই প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া মেসির দুর্দান্ত ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দলকে রক্ষা করেন কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টে।

৪০তম মিনিটে ফ্রিসিও কাইসেদোর শট ডান পোস্টের দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় প্রতিহত করেন শুল্টে। বিরতির ঠিক আগে শর্ট কর্নার থেকে মেন্দেজের নেওয়া শট ফিরিয়ে দিয়ে পাল্টা জবাব দেন মায়ামি গোলরক্ষক সেন্ট ক্লেয়ারও।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৬৪তম মিনিটে গঞ্জালো তাপিয়ার হেড সেন্ট ক্লেয়ার ফিরিয়ে দিলেও ফিরতি বল গোললাইনের খুব কাছে পেয়ে যান মেন্দেজ। তার শট ফাঁকা জালে ঢোকার আগমুহূর্তে গোললাইন থেকে বল ক্লিয়ার করে মায়ামিকে বাঁচান মিকায়েল।

৭৫তম মিনিটে মেসির ফ্রি-কিক থেকে বল জালে পাঠিয়েছিলেন কাসেমিরো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ৮৪তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে মায়ামি; অরক্ষিত অবস্থায় থেকেও বার্তেরামের নেওয়া হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

 

News Editor : Khandaker Enamul Haque