বাবা হলেন এন্দ্রিক, ছেলের নাম কেন্দ্রিক
ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের জীবনে এলো নতুন আনন্দ। প্রথমবারের মতো বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। স্ত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ গ্যাব্রিয়েলি মিরান্দার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে কেন্দ্রিক।
মঙ্গলবার সিঙ্গাপুর থেকে ব্রাজিলের টেলিভিশন চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সুখবরটি জানান ২০ বছর বয়সী এন্দ্রিক। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে ৭-০ গোলের জয়ের পরপরই আসে এই ঘোষণা। ম্যাচে নিজেও একটি গোল করেছেন এ তরুণ ফরোয়ার্ড।
বাবা হওয়ার আনন্দ লুকিয়ে রাখতে পারেননি এন্দ্রিক। স্পোরটিভিকে তিনি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। আমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। সে দারুণ এক ছেলে। আমার স্ত্রীও খুব খুশি। আর এই গোলটা ওর জন্য।’
ম্যাচের আগে অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় ছিলেন এন্দ্রিক। জানিয়েছিলেন, আগামী জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। তবে ব্যক্তিগত জীবনের সুখবর নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে বেশি কথা বলতে চাননি। ব্যক্তিগত জীবনকে পেশাদার আলোচনার বাইরে রাখতেই পছন্দ করেন বলে জানান তিনি। সংবাদমাধ্যম ও ইন্টারনেটে কীভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়, সে সম্পর্কেও তার ধারণা আছে বলে মন্তব্য করেন এন্দ্রিক।
তবে সব আলোচনা ছাপিয়ে আপাতত এন্দ্রিকের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বাবা হওয়ার আনন্দ। মাঠে গোলের পর উদ্যাপন, আর মাঠের বাইরে জীবনের নতুন ইনিংস-দুই আনন্দেই দিনটি স্মরণীয় হয়ে থাকলো ব্রাজিলিয়ান তারকার।








